
বিনোদন প্রতিবেদক : 2025-09-18
ফুটবল নিয়ে এ দেশে নির্মিত হওয়া অন্যতম সিনেমা ‘জাগো’। খিজির হায়াত খান পরিচালিত এই সিনেমাতে অভিনয় করেছিলেন। আর এটিই ছিলো দর্শকপ্রিয় অভিনেত্রী ডায়নার প্রথম সিনেমা। এরপর তিনি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর ‘গেরিলা’ সিনেমাতেও অভিনয় করেছিলেন। তবে সিনেমার চেয়ে নাটকে অভিনয়েই তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করতেন। গুনী নাট্যনির্মাতা সালাহ উদ্দিন লাভলুর ‘আলতা সুন্দরী’ ধারাবাহিক নাটকে অন্যতম প্রধান একটি চরিত্রে অভিনয় করে তিনি দর্শককে তার অভিনয় দিয়ে মুগ্ধ করেছিলেন। যদিওবা স্বামীর চাকুরীর কারণে দুই সন্তান নূহাদ ও নিয়ানাকে নিয়ে তিনি এখন অনেকটাই স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রেই বসবাস করছেন তারপরও তিনি মাঝে মাঝে দেশে আসেন। ডায়না বলেন,‘ একটা সময় ছিলো যখন মাসের অনেকটা সময় আসলে ক্যামেরার সামনেই কেটে যেতো। কখনো সিনেমার শুটিং, কখনো বিজ্ঞাপনের কাজ আবার কখনো নাটকের শুটিং-এ সময় কাটতো আমার। মিডিয়াতে একটা সুন্দর সময় কাটিয়েছি আমি। মিডিয়াকে ঘিরে আমার অভিজ্ঞতা সবসময়ই চমৎকার। যখনই যার ইউনিটে কাজ করেছি সর্বোচ্চ সম্মান পেয়েছি, যত্ন পেয়েছি। মন দিয়ে কাজগুলো করতে পেরেছি। যে কারণে আমি যতোগুলো কাজ করেছি সবগুলোই ভালো ছিলো এবং দর্শকের কাছ থেকেও সেই সময় আমি অভূতপূর্ব সাড়া পেয়েছি। প্রায়শই অতীত দিনের কথা মনে পড়ে। মন খারাপ হয়। ইচ্ছে করে আবার অভিনয়ে ফিরতে।’