Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

১০ বছর পর ফিরেছে ‘সিক্স’

image

বিনোদন প্রতিবেদক : 2025-09-20

তরুণ রক মিউজিশিয়ানদের রিয়েলিটি শো ‘নেসক্যাফে গেট সেট রক’ এ চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে ২০১২ সালে যাত্রা শুরু করে ‘সিক্স’। ২০১৩ সালের মার্চে প্রকাশ পায় ব্যান্ডটির প্রথম অ্যালবাম এইতো সময়। পাঁচ গানের অ্যালবামটি ব্যান্ড শ্রোতাদের মন জয় করে। ২০১৫ সালে একটি বেসরকারি টেলিভিশনে শেষবারের মতো পারফর্ম করে সিক্স। সদস্যদের পেশাগত ও ব্যক্তিগত ব্যস্ততার কারণে বিরতিতে যায় তারা। অবশেষে ১০ বছরের বিরতি কাটিয়ে ফিরেছে সিক্স। চলতি মাসের শুরুতে মুক্তি পেয়েছে ব্যান্ডটির নতুন গান ‘এইতো সময় ২’। এটি তাদের প্রথম অ্যালবামের ‘এইতো সময়’ গানের সিকুয়েল। ১০ বছর পর ফেরা বিষয়ে সিক্সের বেজিস্ট রাকিবুল আজম বলেন, ‘আশা করি, আগের মতোই সবার ভালোবাসা পাব।’ দুই বছর ধরে ফেরার পরিকল্পনা করছিল সিক্স। তবে হয়ে উঠছিল না। অবশেষে চলতি বছর ফেরার সিদ্ধান্তে আসে সবাই। তারই অংশ হিসেবে কয়েক মাস ধরেই ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিচ্ছিল সিক্স। ১ সেপ্টেম্বর ব্যান্ডের ইউটিউব চ্যানেল, স্পটিফাই, অ্যাপল মিউজিকসহ অন্যান্য প্ল্যাটফর্মে মুক্তি পায় তাদের নতুন গান। এটি ব্যান্ডের দ্বিতীয় অ্যালবামের প্রথম গান। অ্যালবামটিতে থাকবে আটটি গান। রাকিবুল আজম বলেন, ‘চারটি চারটি করে দুই কিস্তিতে অ্যালবামটি মুক্তি পাবে। একটি গান ইতিমধ্যে মুক্তি পেয়েছে, তিন মাস পরপর বাকি তিনটি গান মুক্তি পাবে। চলতি বছরের ডিসেম্বরে একটি ও পরের বছর ভালোবাসা দিবস উপলক্ষে আরেকটি ও চতুর্থ গান মুক্তি পাবে মে মাসে। বছর শেষে পরের চারটি গান মুক্তি পাবে একসঙ্গে। এখন তো আর অ্যালবামের চল নেই, সিঙ্গেল ট্র্যাকের সময়, তাই একটা করেই গানগুলো মুক্তি পাবে।’ ছয় সদস্য নিয়ে যাত্রা শুরু করলেও এবার থেকে পাঁচজনের লাইনআপে কার্যক্রম চলবে সিক্সের। ফেরার প্রস্তুতি না থাকায় দুজন ভোকালের মধ্যে একজন ফিরছেন না এ যাত্রায়। তবে ব্যান্ডটির নাম সিক্সই থাকছে। সিক্সের বর্তমান লাইনআপ রাকিবুল রোমান্স (বেজ), গোলাম রাব্বি সোহাগ (কিবোর্ড), রেজোয়ান আশরাফ (গিটার), পাবলো পিকাসো (ভোকাল) ও আরিফ শিশির (ড্রামস)।

পাশাপাশি কনসার্টের প্রস্তুতিও নিচ্ছে সিক্স। তাদের মতে, সামনের শীতে মঞ্চ মাতাতে পারবে তারা। রাকিবুল আজম বলেন, ‘কনসার্টের প্রস্তুতি নিচ্ছি আমরা। আমাদের গিটারিস্ট রেজোয়ান আশরাফ দেশের বাইরে আছেন, অতিথি গিটারিস্ট নিয়েই দেশে আমাদের কার্যক্রম চলবে।’ ২০১২ সালে ‘নেসক্যাফে গেট সেট রক’ প্রতিযোগিতায় প্রাথমিকভাবে অংশ নিয়েছিলেন ১০ হাজার মিউজিশিয়ান। ক্যাম্পে সুযোগ পান ১৬৮ জন। তাঁদের নিয়ে এফডিসিতে শুরু হয় ৭ রাউন্ডের এলিমিনেশন পর্ব। প্রথম রাউন্ডে ব্যান্ডের কেউ কাউকেই চিনতেন না। লটারির মাধ্যমে ১৬৮ জন মিউজিশিয়ানকে ৬ জন করে ২৮টি ব্যান্ডে ভাগ করা হয়। সেখান থেকে আরও কয়েক ধাপ পেরিয়ে ২০১২ সালের ২৪ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন হয় ‘সিক্স’।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '14 June, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('159646') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142