
বিনোদন প্রতিবেদক : 2025-09-21
২০১৭ সালে ধ্রুব মিউজিক স্টেশন থেকে ‘বন্ধু আমার মায়া বাড়াইছে’ শিরোনামের একটি গান প্রকাশিত হয়। গানটি সঙ্গীতপ্রেমী শ্রোতা দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলে। আর এই গান দিয়েই শ্রোতা দর্শকের মাঝে নিজের কন্ঠের মায়া বাড়িয়েছেন রূপসা। যে কারণে শ্রোতা দর্শকের কাছ থেকে অনুরোধও আসতে থাকে আরো নতুন নতুন গানের। এরপর একে একে আরো প্রকাশিত হয় রূপসার কন্ঠে ‘অন্তরেতে পীরিত আইসাছে’,‘ বলরে পাখি কী ছিলো মোর দোষ’,‘ তুই বিহনে রাইতে দিনে’সহ আরো বেশকিছু গান। এরইমধ্যে রূপসা আরো একটি ফোক গানের কাজ পুরোপুরি সম্পন্ন করেছেন। গানের কথা এমন ‘ বর্ষা গেলো আইলোরে শীত’, তবুও কইন্যা খুঁজলি না.নয়নেতে গলে কাজল, চোখের ভাষা বুঝলি না’। উর্বশী গানের সিঁড়ি’তে প্রকাশের জন্য গানটি করা হয়েছে। গানটি লিখেছেন জহরিুল ইসলাম বাদল, সুর করেছেন ও রূপসার সঙ্গে গেয়েছেন পলাশ লোহা। শিগগিরই ফোক ঘারানার এই গানটি ইউটিউবে প্রকাশ পাবে। রোকসানা রূপসা বলেন,‘ ছোটবেলায় মামার কাছেই গানে আমার হাতেখড়ি। এরপর থেকে গানের প্রতিই আমার ভালোলাগা বেড়ে যায়। গানের জন্যই নিবেদিত আমার মন প্রাণ। জীবনে নানান কিছুর মাঝেই সুখ খুঁজেছি। কিন্তু প্রকৃত সুখ ভালোলাগা খুঁজে পেয়েছি গানের মাঝেই। গান গাইতেই কিংবা গানের সাথে সম্পৃক্ত যেকোনো কিছুর সাথেই থাকতে ভালোলাগে আমার। সিনেমাতে বেশি বেশি গান করার স্বপ্ন আমার। উর্বশীর জন্য যে ফোক গানটি করেছি খুব ভালো হয়েছে। ভীষণ আশাবাদী গানটি নিয়ে।’ রূপসা আরো জানান, শিগগিরই তিনি লুৎফর হাসানের গীতিকবিতায় একটি গান গাইবেন।