
সংবাদ অনলাইন রিপোর্ট : 2025-09-23
চিত্রনায়ক ও এ জে আই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অনন্ত জলিল এবং তার স্ত্রী আফিয়া নুসরাত বর্ষাসহ পাঁচজনের বিরুদ্ধে প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের অভিযোগে মামলা হয়েছে। সাভারের রাব্বি টেক্সটাইলের মালিক ইলিয়াস মিয়া গত ২০ অগাস্ট সাভার মডেল থানায় এ মামলা দায়ের করেন।
মামলার অপর আসামিরা হলেন— এবি অ্যাপারেলস লিমিটেডের মার্চেন্ডাইজার আকরাম, মুনির ও কামরুল। বাদীর ভাষ্য অনুযায়ী, এবি অ্যাপারেলস অনন্ত জলিলেরই আরেকটি প্রতিষ্ঠান। এর মধ্যে মুনির ও আকরাম ঢাকার বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।
অভিযোগে বলা হয়েছে, ২০১৯ সালের ৪ অগাস্ট আসামিরা রাব্বি টেক্সটাইল থেকে বুকিংয়ের মাধ্যমে ২০ হাজার গজ কাপড় নেন, যার মূল্য প্রায় ১০ লাখ টাকা (৮ হাজার ডলার)। কিন্তু নির্ধারিত এলসি না খুলে সময়ক্ষেপণ করতে থাকেন তারা। পরবর্তীতে মূল চালানের কপি আটকে রাখা হয় এবং তা চাইতে গেলে বাদীর কর্মীরা হুমকির মুখে পড়েন।
মামলার বাদী ইলিয়াস মিয়ার দাবি, ওই টাকা এখনো আসামিদের কাছে পাওনা।