
বিনোদন প্রতিবেদক : 2025-09-23
বাংলাদেশের কিংবদন্তী সঙ্গীতশিল্পী বশির আহমেদ’র সুযোগ্য উত্তরসূরী হোমায়রা বশিরের কন্ঠে এবার শ্রোতা দর্শকেরা শুনতে পাবেন রোকেয়া সিদ্দীকার গাওয়া জনপ্রিয় গান ‘আরো সহজে’। গানটি লিখেছেন নূরুজ্জামান, সুর সঙ্গীত করেছেন স্বপন সাহা। গীতিকার সুরকার কেউই আর আমাদের মাঝে নেই। তবে শিল্পী রোকেয়া সিদ্দীকা আমাদের মাঝে এখনো আছেন। তাই তাকে শ্রদ্ধা জানাতেই বিটিভির নিয়মিত গানের অনুষ্ঠান ‘স্মৃতিময় গানগুলো’তে এই গানটি গাইবার সুযোগ হলো হোমায়রা বশিরের। গত রবিবার বিটিভিতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। এই অনুষ্ঠানে গবেষক ও আলোচক হিসেবে উপস্থিত থাকেন বাংলাদেশের গানের গর্ব জীবন্ত কিংবদন্তী সঙ্গীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী। তার সামনে বসেই হোমায়রা বশিরকে এই গানটি গাইতে হয়েছে। হোমায়রা বশির বলেন,‘ পরম সৌভাগ্য যে শ্রদ্ধেয় রোকেয়া সিদ্দীকা আন্টির গাওয়া আরো সহজে গানটি গাইবার চেষ্টা করেছি। কেমন গেয়েছি তা জানিনা। তবে হাদী চাচা বলেছেন আমি ভালো গেয়েছি।
আমিতো মনেকরি এটা সম্মাননা প্রাপ্তির মতো বিষয়। গানের পর্বটি শিগগিরই বিটিভিতে প্রচার হবে। আশা করছি গানটি শ্রোতা দর্শকের ভালোলাগবে।’