
বিনোদন প্রতিবেদক : 2025-09-23
ছোটপর্দার অভিনেত্রী ও মডেল শিউলী শিলা’র ২০২৫ সালটা যেন প্রাপ্তির বছর। এ বছরই তিনি ‘অভিনয় শিল্পী সংঘ’র নির্বাচনে কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বিপুল ভোটে। এ বছরই তিনি কবি কাজী নজরুল ইসলামের একটি নাটকে অভিনয় করেছেন। আবার এ বছরই তিনি একজন অভিনেত্রী হিসেবে এবারই প্রথম কোনো খ্যাতনামা সংগঠন থেকে সম্মাননাপ্রাপ্ত হয়েছেন। যে কারণে ২০২৫ সালটা পেশাগত জীবনের দিক দিয়ে শিউলী শিলা সবচেয়ে বেশি প্রাপ্তির বছর হিসেবে আখ্যায়িত করছেন তিনি। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘আলেয়া’ নাটক নিয়ে বিটিভিতে প্রচারের জন্য ফিরোজ আহমেদ দুলাল নির্মাণ করেছিলেন ‘আলেয়া’ নামের একটি নাটক। এই নাটকে কাকলী চরিত্রে অভিনয় করেছে প্রশংসা কুঁড়িয়েছেন শিলা। নাটকটি কাজী নজরুলের প্রয়াণ দিবসে বিটিভিতে প্রচার হয়। গত শুক্রবার রাজধানীর প্রেসক্লাবে ‘ট্র্যাব এক্সিলেন্ট অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠানে শিলা একজন অভিনেত্রী হিসেবে সম্মাননায় ভূষিত হন। কিছুদিন আগে ইউনিসেফ’র দু’টি তথ্যচিত্র’র কাজ করেছেন শিলা। শিউলী শিলা বলেন,‘ সত্যিই ২০২৫ সালটা আমার জন্য অনেক সৌভাগ্যের একটি বছর। এই বছর আমি আমার সকল শিল্পীদের ভালোবাসায় আর ভোটে অভিনয় শিল্পী সংঘ’র কার্যকরী সদন্য হয়েছি। আবার এই বছরই আমাদের জাতীয় কবি নজরুলের গল্পে আলেয়া নাটকের কাকলী চরিত্রে অভিনয় করেছি। আবার তিনদিন আগেই ট্র্যাব এক্সিলেন্ট অ্যাওয়ার্ড ২০২৫-এ ভূষিত হয়েছি। সবমিলিয়ে যেন ২০২৫ সালটা আমার জন্য সোনায় সোহাগা।
আমি কৃতজ্ঞ যারা আমাকে নানানভাবে সহযোগিতা করেছেন, সম্মান দিয়েছেন। তাদের কাছে আমি ঋনী হয়ে রইলাম।’