
বিনোদন প্রতিবেদক : 2025-09-24
চার দশকের পথচলায় ব্যান্ড ‘অবসকিওর’ ফিরতে যাচ্ছে ভিনাইলের যুগে। দশটি গান নিয়ে এই দলটি প্রকাশ করেছে সংকলন অ্যালবাম ‘রিইনকারনেশন’, যা আসছে বিশেষ ভিনাইল রেকর্ড আকারে। অবসকিওরের কণ্ঠশিল্পী ও দলনেতা সাঈদ হাসান টিপু গ্লিটজকে বলেন, অবসকিওর ব্যান্ডের এই পর্যন্ত ১৩টি অ্যালবাম বের হয়েছে। এই ১৩টি অ্যালবাম থেকে ১০টি গান বেছে ‘রিইনকারনেশন’ তৈরি করা হয়েছে। গানগুলো হল-‘ছাইড়া গেলাম মাটির পৃথিবী’, ‘কাল সারারাত’, ‘এইবার শেষ হোক’, ‘কেমন আছো’, ‘ঝুম বৃষ্টি’, ‘মাঝরাতে চাঁদ যদি’, ‘নিঝুম রাতের আঁধারে’, ‘স্বপ্নচারিণী’, ‘পুষ্পধূলি’ ও ‘তোমায় কথা’। ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে অ্যালবামটি মুক্তি পেয়েছে গত ২৫ মার্চ। তবে ভিনাইল রেকর্ডের জন্য শ্রোতাদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। টিপু বলেন, “আমাদের হাতে এসে পৌঁছাতে আরও তিন চার মাস লাগবে।” ২০১৭ সালে প্রকাশ পায় ‘টিটোর স্বাধীনতা’ অ্যালবাম। এরপর এটাই তাদের নতুন অ্যালবাম। নতুন অ্যালবাম প্রকাশে এতটা সময় লাগল কেন জানতে চাইলে টিপু বলেন, “কোভিড মহামারী আর নানান জটিলতা নিয়ে তো আমরা সেসময় কাজই করতে পারিনি। তাই দীর্ঘ সময় পার হয়ে গেল এই অ্যালবাম বের করতে।” ক্যাসেট ও সিডি যুগের আগে গান শোনার অন্যতম মাধ্যম ছিল ভিনাইল রেকর্ড, যা অনেকের কাছে লং প্লে রেকর্ড নামেও পরিচিত। সেই ঐতিহ্যকেই নতুন করে ফিরিয়ে আনছে অবসকিওরের ‘রিইনকারনেশন’। টিপু বলেন, “এই দশ গানের অ্যালবাম করা হয়েছে ভিনাইলের জন্য।
আমাদের গানগুলোর রেকর্ডিং হয়েছে ১৯২ কিলোহার্জ ২৪ বিটে অর্থাৎ সর্বোচ্চ রেজোলিউশনে রেকর্ড হয়েছে। যার জন্য ভিনাইলের কোয়ালিটিটাও ভালো হবে। তবে ভিনাইল তো সবাই কিনবে না তাই এটি কিছু লিমিটেড কপি আসবে, যারা কালেকশনে রাখতে চায় তাদের জন্য। আমরা প্রথমে ৩০০ কপি আনব, যদি প্রয়োজন পড়ে তাহলে হয়ত পরে আবার আনা যাবে।” বর্তমানে অবসকিউরের সদস্যরা হলেন সাইদ হাসান টিপু (ভোকাল), শেখ আবীর (গিটার), এমডি আরিফুর রহমান শান্ত (গিটার), নাদিম (বেস গিটার), রাব্বানি মীর রাব্বি (ড্রামস) ও আকাশ (কী বোর্ড)।