
বিনোদন প্রতিবেদক : 2025-09-25
চরকি অরিজিনালে আসছে নতুন ফিল্ম। ফিল্মটির নাম ‘লিটল মিস ক্যাওস’। এর গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে ফুড আর ফ্যাশন। নির্মাণ করেছেন মাহমুদা সুলতানা রীমা। নির্মাতার এটিই প্রথম ওয়েব ফিল্ম। বিশ্ববিদ্যালয় জীবনের দুষ্টু–মিষ্টি সময়কে একটু অন্যরকমভাবে পর্দায় আনার চেষ্টা করেছেন তিনি। বিশ্ববিদ্যালয় পড়ুয়া ইরাকে কেন্দ্র করে ফিল্মটির কাহিনি। খুবই ফ্যাশনেবল এই তরুণীর ঝামেলাপূর্ণ (ক্যাওটিক) জীবনের গল্প বলেই ফিল্মটির নাম ‘লিটল মিস ক্যাওস’। নির্মাতা ও গল্পকার মাহমুদা সুলতানা রীমা জানান, মেট্রোপলিটনের এই ক্যাওটিক জীবনে সবারই আছে অতীতের কিছু ট্রমা আর ব্যাগেজ। সেগুলো কাটিয়ে সামনে এগিয়ে যাওয়াই জীবনের অংশ। কিন্তু এই ক্যাওটিক জার্নিতে যদি পেয়ে যাওয়া যায় একটুখানি আশ্রয় আর ভরসার জায়গা, তাহলে কেমন হয়? সেই গল্পই দেখা যাবে ফিল্মটিতে। মাহমুদা সুলতানা রীমা বলেন,
‘এ গল্পে বন্ধুত্ব, প্রেম, হিউমার পাবেন দর্শকরা। প্রজন্মের মধ্যেকার সম্পর্ক ও তার টানাপোড়েনের প্রসঙ্গও এসেছে। এ সময়রে দর্শকরা যেভাবে ভাবতে ভালোবাসেন, সেই ঢংয়ে কাজটি করা হয়েছে। এটি একটি রোমান্টিক ড্রামেডি ঘরানার ফিল্ম।’ ইরা চরিত্রে অভিনয় করেছেন তরুণ নবীন অভিনেত্রী সাদনিমা বিনতে নোমান। চরকি কর্তৃপক্ষ জানিয়েছে, শিগগিরই আসবে ‘লিটল মিস ক্যাওস’-এর ট্রেলারসহ অন্যান্য প্রচারমূলক ভিডিও-ছবি। গুরুত্বপূর্ণ সব চরিত্রে আরও কারা অভিনয় করেছেন তাও জানানো হবে। একইসঙ্গে জানিয়ে দেয়া হবে মুক্তির তারিখ।