
বিনোদন প্রতিবেদক : 2025-10-09
নাম তার রাসেল মিয়া। হালাল নায়ক কিংবা পাপমুক্ত সিনেমার নায়ক হিসেবে বিতর্কিত হয়ে আলোচনায় আসেন তিনি। এবার সেই রাসে মিয়ার আরও একটি সিনেমা সারাদেশে আগামী ১৪ নভেম্বর মুক্তি পাচ্ছে। এ সিনেমার নাম ‘গোয়ার’। ছবিটি পরিচালনা করেছেন রকিবুল আলম রকিব এবং প্রযোজনা করেছেন নারী উদ্যোক্তা হেলেনা জাহাঙ্গীর।চলচ্চিত্রটির প্রধান চরিত্রেই দেখা যাবে ‘পাপমুক্ত সিনেমার নায়ক’ রাসেল মিয়াকে। এতে তার বিপরীতে দেখা যাবে চিত্রনায়িকা জলিকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, হেলেনা জাহাঙ্গীর ও বর্দা মিঠুর মতো তারকারা। ছবির গল্প প্রসঙ্গে রাসেল মিয়া জানান, ‘‘গোয়ার’ একটি গণমানুষের ছবি। এখানে উঠে এসেছে সমাজের বিভিন্ন স্তরের মানুষের জীবনচিত্র। গুলশানের নিঃসঙ্গ মানুষ থেকে শুরু করে গুলিস্তানের সাধারণ পথচারী, গার্মেন্টস কর্মী ভাইবোন, রিকশাচালকসহ সবার গল্পই কোনো না কোনোভাবে এই ছবিতে স্থান পেয়েছে। ছবিতে একজন ধর্ষণের শিকার নিরীহ নারীর ন্যায়বিচার পাওয়ার সংগ্রামও উঠে এসেছে।’ রাসেল মিয়া আরও বলেন, ‘এই ছবিতে আমি একেবারে নতুন এক চরিত্রে অভিনয় করেছি। এটি একজন সাইকোপ্যাথের চরিত্র। এটা আমার আগের কাজগুলো থেকে একেবারেই আলাদা। আমি বিশ্বাস করি, গোয়ার দর্শকদের সিনেমা দেখার ক্ষুধা মেটাবে।’ তিনি মনে করেন, ছবি মুক্তির মাধ্যমে প্রমাণ হবে সিনেমা কেবল ঈদকেন্দ্রিক নয় সারা বছর ধরেই ভাল গল্প আর অভিনয় দিয়ে দর্শককে হলে ফেরানো সম্ভব। রাসেল মিয়ার প্রত্যাশা, ‘গোয়ার’ ছবিটি হলে নতুন স্বপ্ন ও আশা জাগাবে হল মালিকদের মাঝেও।