
বিনোদন প্রতিবেদক : 2025-10-15
দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে আসছে নতুন ফ্ল্যাশ ফিকশন ‘গ্যাড়াকল’। ‘কর্মের ফলে গ্যাড়াকলে’- এমন রহস্যময় শিরোনামে প্রকাশ পেয়েছে এর অফিশিয়াল পোস্টার। গল্পে রয়েছে প্রেম, বিচ্ছেদ, ন্যায়বিচার এবং আড়ালে থাকা কিছু গভীর সত্য। মুক্তি পাচ্ছে ১৫ অক্টোবর রাত ১২টা ১ মিনিটে (১৬ অক্টোবর)। গল্পে দেখা যাবে, ছুটিতে ঘুরতে গিয়ে রিমি ও অনিকের পরিচয় হয় চিত্রশিল্পী মোশতাকের সঙ্গে। সম্পর্কের রসায়নে আসে পরিবর্তন। ধীরে ধীরে রিমি ও অনিকের সম্পর্কে ফাটল ধরতে থাকে। কিন্তু বাস্তবতা কি এতটা সরল? সম্পর্কগুলো কতটা সত্যিকারের? চোখে দেখা সবই কি আসল সত্য? নির্মাতা রাকায়েত রাব্বি জানিয়েছেন, ‘গ্যাড়াকল’ এর গল্পটি তার নিজের আশেপাশে ঘটে যাওয়া ঘটনা থেকে অনুপ্রাণিত। তিনি বলেন, গল্পটি হয়তো নতুন নয়, তবে উপস্থাপনায় আমি ভিন্নতা
আনার চেষ্টা করেছি। জীবনের কিছু কিছু ঘটনা বলার মতো না হলেও, তার প্রভাব থাকে আজীবন। তেমনই একটি গল্প তুলে ধরার চেষ্টা করেছি এখানে। রিমি চরিত্রে অভিনয় করেছেন সামিরা খান মাহি, যিনি তার চরিত্রে এনেছেন নানা ধরণ ও বৈচিত্র্য। কখনও সাধারণ, কখনও রহস্যময় ও ফ্যাশনেবল রূপে হাজির হয়েছেন তিনি। সামিরা বলেন, এই চরিত্রটিতে নানা রূপে নিজেকে উপস্থাপন করতে হয়েছে, যা আমার জন্য ছিল চ্যালেঞ্জিং। দর্শকরা শুরুতে চরিত্রটি নিয়ে ভুল ভাবলেও পরে কারণ বুঝতে পারবেন। অনিক চরিত্রে রয়েছেন আবু হুরায়রা তানভীর এবং মোশতাক চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার। মোশতাকের স্ত্রীর চরিত্রে দেখা যাবে সুষমা সরকারকে। আরও আছেন হুমায়রা স্নিগ্ধা, শিহাব ও সাদি শুভ। নাজিম উদ দৌলার গল্প ও সংলাপে চিত্রনাট্য করেছেন নির্মাতা রাকায়েত রাব্বি নিজেই।