
বিনোদন প্রতিবেদক : 2025-10-15
কিছুদিন আগে এনটিভিতে প্রচারিত হয়েছে মুরাদ পারভেজ রচিত ও পরিচালিত খ- নাটক ‘শেষের গল্প’। নাটকে দীপার অভিনয় দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। একই পরিচালকের রচনায় জিনাত তামান্নার পরিচালনায় নতুন নাটক ‘মধ্যবর্তিনী’তে অভিনয় করলেন দীপা খন্দকার। ‘‘মধ্যবর্তিনী’ নাটকে দীপার সহশিল্পী হিসেবে আছেন অভিনেতা, মডেল ইমতু রাতিশ। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে দীপা খন্দকার বলেন,‘ মুরাদ পারভেজ-এর শেষের গল্প নাটকে অভিনয় করে অভূতপূর্ব সাড়া পেয়েছি। অনেক দর্শক আমাকে শেষের গল্পতে অভিনয়ের জন্য তাদের ভালোলাগা প্রকাশ করেছেন। বিশেষত যে চরিত্রটিতে আমি অভিনয় করেছি সেই চরিত্রটি নিয়ে তারা তাদের অভিমত প্রকাশ করেছেন। মধ্যবর্তিনীও আমাদের জীবনেরই গল্প। স্বামী স্ত্রীর মাঝখানে তৃতীয় কারো প্রবেশের সে আরেক জীবনের গল্প। পরিচালকই যেহেতু নাট্যকার, তাই নাটকটি নির্মাণেরও যথারীতি তার শতভাগ মনোযোগ ছিলো। ইমতু আমার সহশিল্পী হিসেবে চমৎকার অভিনয় করেছে।
আমি মধ্যবর্তিনী নিয়েও ভীষণ আশাবাদী।’ ইমতু রাতিশ বলেন,‘ স্বামীর জীবনে আসা তৃতীয় নারীর আগমন নিয়েই স্বামী স্ত্রীর সম্পর্কের দ্বন্দ্ব। ভীষণ সুন্দর একটা গল্প। সহজ কথায় যদি বলি এই নাটকে অভিনয় করে আমার মনটা ভরে গেছে। মুরাদ ভাই, দীপা আপু, জিনাত তামান্না সবাই ভীষণ সহযোগিতা করেছেন। আমার বিগত দিনে করা অনেক নাটকের মধ্যে এই নাটককে আমি সবসময়ই এগিয়ে রাখবো। গল্প, চরিত্র, লোকেশন সবমিলিয়ে কাজের অভিজ্ঞতা দারুণ। এই ধরনের চরিত্রে কাজ করার মানসিক ক্ষিধে থাকে আর শিল্পীসত্ত্বার আনন্দ এখানেই। অনেক অনেক কৃতজ্ঞতা বিশেষত মুরাদ ভাইয়ের প্রতি।’