
বিনোদন প্রতিবেদক : 2025-10-16
দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ডদল সোনার বাংলা সার্কাস। আজ ১৭ অক্টোবর ঢাকার দ্য রাশিয়ান হাউজে (সাবেক রাশিয়ান কালচালার সেন্টার আরসিসি) ‘বিদায় হায়েনা এক্সপ্রেস’ শিরোনামে তাদের একক সিরিজ কনসার্টের আয়োজন করতে যাচ্ছে। এই লাইভ কনসার্টের মধ্য দিয়েই শেষ হচ্ছে ‘হায়েনা এক্সপ্রেস’ অ্যালবামের সিরিজ একক কনসার্টের। ব্যান্ডটি ‘বিদায় হায়েনা এক্সপ্রেস’ শিরোনামে তাদের একক সিরিজ কনসার্টের আয়োজন করতে যাচ্ছে। ব্যান্ডের পক্ষ থেকে জানানো হয়, দ্রুতই এই ব্যান্ডের নতুন অ্যালবাম ‘মহাশ্মশান’ বের হতে যাচ্ছে। এরপর ব্যান্ডটি নতুন অ্যালবামের গানগুলো নিয়ে সারা দেশে একক কনসার্টের
আয়োজন করবে।‘বিদায় হায়েনা এক্সপ্রেস’ মূলত তাদের ব্যাপক সাড়া জাগানো কন্সেপ্টচ্যুয়াল অ্যালবাম ‘হায়েনা এক্সপ্রেস’- এর লাইভ পারফরম্যান্স। এবারে যেহেতু অ্যালবামের শেষ একক কনসার্ট, তাই কনসার্টের নাম কিছুটা পাল্টে রাখা হয়েছে ‘বিদায় হায়েনা এক্সপ্রেস’। বিদায় হায়েনা এক্সপ্রেসে গান ছাড়াও অন্য আরও চমক থাকছে। কবিতা, জোকারদের পারফর্মিং আর্টসহ আরও অনেক কিছু। আয়োজনটি শুরু হবে সন্ধ্যা ৬টায়, শেষ হবে রাত ৯টায়। মোট ৩ ঘণ্টার এই কনসার্টের পারফরম্যান্স থেকে শুরু করে লাইট ডিজাইন কিংবা ভিডিও প্রজেকশন, সব কিছুতেই থাকবে চমক। যেটাকে ব্যান্ডের ভাষায় কন্সেপ্টচ্যুয়াল কনসার্ট বলা হচ্ছে। ব্যান্ডের ভোকাল, গিটারিস্ট ও লিরিসিস্ট প্রবর রিপন বলেন, ‘কোনো ব্যান্ডকে ভালোমতো চেনার উপায় তাদের অ্যালবাম ও একক কনসার্ট। সাধারণত আমাদের দেশে যেমন ধরনের লাইন-আপ কনসার্ট হয় সেখানে সময়ের স্বল্পতা থাকে স্বাভাবিকভাবেই। যার ফলে যারা ব্যান্ডকে ভালোবাসে তারা অতৃপ্ত থেকে যায়। এই কারণে আমাদের নিজস্ব উদ্যোগে এই একক কনসার্ট।’ ব্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতোমধ্যেই কনসার্টের সব টিকিট বিক্রি হয়ে গেছে। সোনার বাংলা সার্কাসের একক কনসার্টে হায়েনা এক্সপ্রেসের সব গান ছাড়াও নতুন অ্যালবামের কয়েকটি গানও পরিবেশন করার পরিকল্পনা রয়েছে ব্যান্ডটির। তারা এখন প্র্যাকটিস প্যাডে ব্যস্ত সময় পার করছেন।