বিনোদন প্রতিবেদক : 2025-10-19
‘তিনটা গান বানানো আছে। কিন্তু আর রিলিজ করব না। পোরসেলিনা তাহসানস প্লেলিস্ট প্রকল্পের শেষ গানটা হয়তো শুধু প্রকাশিত হবে। তারপর শেষ। এরপর আর কোনো নতুন গান প্রকাশ করব না।’ এভাবেই বলেছিলেন তাহসান খান, সেপ্টেম্বরের চতুর্থ সপ্তাহে প্রথম আলোকে দেওয়া তাঁর জীবনের শেষ সাক্ষাৎকারে। তখন তিনি স্পষ্ট জানিয়েছিলেন—এ সাক্ষাৎকারই তাঁর ক্যারিয়ারের শেষ মিডিয়া কথোপকথন, আর সামনের পথে তিনি কেবল নিজের মতো বাঁচতে চান, দূরে থাকতে চান প্রচারণা আর আলোচনার বৃত্ত থেকে।
আজ ১৮ অক্টোবর, তাহসানের জন্মদিন। প্রতিশ্রুতি অনুযায়ী ঠিক এই দিনেই প্রকাশিত হলো তাঁর সংগীতজীবনের শেষ গান ‘প্রাকৃতিক’। বেলা ৩টায় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান পোরসেলিনা সিরামিকসের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে গানটি। তাহসানের নিজস্ব ইউটিউব প্ল্যাটফর্মেও শ্রোতারা শুনতে পাচ্ছেন তাঁর জীবনের শেষ সুর।