
বিনোদন প্রতিবেদক : 2025-10-23
বাংলাদেশের পরিচিত অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ দীর্ঘদিন পর আবারও নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন। চয়নিকা চৌধুরীর পরিচালনায় তৈরি হয়েছে ‘দ্বিতীয় বিয়ের পর’ নামের নাটকটি। সেখানে নওশাবার সঙ্গে অভিনয় করছেন ইরফান সাজ্জাদ ও আইশা খান। নাটকে আবারও ফিরে আসা প্রসঙ্গে নওশাবা বলেন,‘ঠিক কত বছর পর শুটিং করলাম মনে করতে পারলাম না। শুধু বলতে পারি, অনেকদিন পর।’ নওশাবা আরও জানান, ‘চয়নিকা দিদি অনেক আদর করে বললেন, ‘অনেকদিন তুমি কাজ করছ না। আমি চাই তুমি এই নাটকটি করো।’ নাটকের গল্পও পছন্দ হলো। মঞ্চে নিয়মিত থাকলেও ক্যামেরার সামনে দাঁড়ানো অনেকদিন হয়নি। তাই এই কাজটি করলাম। এটাকে আমি ফেরা বলব না, কারণ আমাকে যদি ওই ধরনের চরিত্র না দেওয়া হয় আমি কাজ করব না। তার চেয়ে ভালো আমি থিয়েটার করব, বাসায় ছবি আঁকব, গল্পের বই পড়ব, মেয়ের দেখাশোনা করব।’ নাটক থেকে দূরে থাকার কারণ জানতে চাইলে নওশাবা বলেন, ‘আমি হয়তো অনেক নির্মাতার চোখে তারকা নই। কিন্তু নিজের কাছে আমি একজন একনিষ্ঠ শিল্পী। অনেক নির্মাতা আমাকে কাজের কথা বলেছেন, কিন্তু সেখানে আমার অভিনয়ের সুযোগ নেই। তাই ভালো কোনো গল্পের প্রস্তাব এলে তখনই করব।’