
বিনোদন প্রতিবেদক : 2025-10-28
বাংলাদেশের চলচ্চিত্রে ১৯৯১ সালে এহতেশামের হাত ধরে ‘চাঁদনী’ সিনেমার মধ্যদিয়ে দুই নতুন মুখ, দুই নতুন নায়ক-নায়িকা নাইম-শাবনাজের অভিষেক হয়েছিলো। নাইম-শাবনাজ ১৯৯৪ সালে বিয়ে করেন। একে অন্যের বিপরীতে ছাড়া বাইরে তারা খুব কম সিনেমাতেই অভিনয় করেছেন। ২০০১ সালে সর্বশেষ এই জুটিকে প্রয়াত আজিজুর রহমানের ‘ঘরে ঘরে যুদ্ধ’ সিনেমাতে দেখা যায়। তবে এরপর ২০০৭ সালে শাবনাজকে আজিজুর রহমানেরই ‘ডাক্তার বাড়ি’ সিনেমাতে অভিনয়ে দেখা যায়। দর্শকদের কাছে তিনি ‘শাবনাজ’ নামে পরিচিত হলেও তার পারিবারিক নাম সাবরিনা তানিয়া। পরিচালক এহতেশামের হাত ধরে রূপালি পর্দায় পা বাড়ান শাবনাজ। এদিকে বুধবা (২৮ অক্টোবর ২০২৫) শাবনাজের জন্মদিন। জন্মদিনে বিশেষ কোনো আয়োজন না থাকলেও পারিবারিকভাবেই দিনটি উদযাপন করা হবে বলে জানান শাবনাজ। শাবনাজ বলেন,‘ সত্যি বলতে কী এখন আর জন্মদিনকে ঘিরে কোনো উচ্ছ্বাস কাজ করেনা। বাবা নেই-মা নেই, তাদের কথা জন্মদিন এলে বিশেষভাবে মনেপড়ে। ঘরোয়াভাবে যতোটা অল্পের মধ্যে উদযাপন করা যায় ঠিক ততোটুকুই। জন্মদিনে শুধু সবার দোয়া চাই আল্লাহ যেন সুস্থ রাখেন ভালো রাখেন। দর্শক এখনো আমাকে মনে রেখেছেন, এখনো দেখলে আগ্রহ নিয়ে কথা বলতে আসেন-এটাই অনেক বড় প্রাপ্তি।’