
বিনোদন প্রতিবেদক : 2025-10-28
দেশের জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন। নতুন গান ও স্টেজ শো নিয়ে ব্যস্ততা যাচ্ছে তাদের। এরই মধ্যে জানা গেল স্পেশাল একটি কনসার্ট করতে কানাডা যাবেন জিয়া-ইশতিয়াকরা। দেশটিতে এটি তাদের প্রথম সফর। এ বিষয়ে ব্যান্ডের মুখপাত্র ইনফিতার দানিয়াল জানান, কানাডায় শিরোনামহীনের কয়েকটি কনসার্ট করার কথা ছিল; কিন্তু ব্যস্তার কারণে একটি শো করেই দেশে চলে আসবে দলটি। তবে এটি স্পেশাল কনসার্ট হবে। এর কারণ শিরোনামহীন সবসময় স্টেজে ৭ থেকে ১০টি গান করে। কিন্তু এবার টরন্টোতে তারা ২০টির বেশি গান গাইবে। স্বল্প সময়ের এ ট্যুরের জন্য সোমবার কানাডার উদ্দেশে রওনা দেয় শিরোনামহীন। ১ নভেম্বর টরন্টোতে কনসার্ট করবে দলটি। এটি আয়োজন করেছে সিক্স বিল্ডার্স। এই শো শেষে নভেম্বরের ৬ তারিখে দেশে ফিরবে তারা। যাওয়ার আগে ভক্তদের আরও একটি সুখবর দিয়েছে দলটি। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন ঘোষণা করেছে তাদের বহুল আলোচিত গান ‘এই অবেলায়’-এর সিকুয়েল ‘এই অবেলায় ২’-এর। ব্যান্ডের সর্বশেষ অ্যালবাম ‘বাতিঘর’-এর শেষ গান হিসেবে প্রকাশ পাবে এটি।