
বিনোদন প্রতিবেদক : 2025-10-29
এক দশক পর পূর্ণাঙ্গ কোনো মৌলিক অ্যালবাম প্রকাশের ঘোষণা দিলেন অর্ণব। ৩০ অক্টোবর ‘ভাল্লাগেনা’ শিরোনামে অ্যালবামটি প্রকাশ করবেন অর্ণবের নিজস্ব রেকর্ড লেবেল ‘আধখানা মিউজিক’। এদিন বিকেলে বনানীর একটি রেস্তোরাঁয় অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠান হবে। এই আয়োজনে অ্যালবামটির প্রথম গান প্রকাশিত হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আধখানা মিউজিক জানিয়েছে, অ্যালবামে মোট আটটি গান থাকবে। এর মধ্যে কয়েকটি গান স্বনামধন্য কবির কবিতার অনুপ্রেরণায় তৈরি। বাকি গানগুলো অর্ণব ও তাঁর গীতিকার বন্ধুদের লেখা। আটটি গানেরই সুর ও সংগীত পরিচালনা করেছেন অর্ণব। অর্ণব বলেন, ‘১০ বছর পর নতুন অ্যালবাম আসছে। ভেতরে ভেতরে আমি ভীষণ উচ্ছ্বসিত কাজটা নিয়ে। অনেক দিনের ইচ্ছা ছিল কবিতা নিয়ে কাজ কোর। সঙ্গে আরও আছে আমার বন্ধু তৌফিক ও রাজীবের লেখা গান। আশা করছি সবার ভালোই লাগবে।’ আটটি গানেরই সুর ও সংগীত পরিচালনা করেছেন অর্ণবশিল্পীর সৌজন্যে । অ্যালবামের গানগুলো অর্ণবের অফিশিয়াল স্পটিফাই চ্যানেলে প্রকাশিত হবে। কয়েকটি গানের ভিডিও চিত্রও প্রকাশিত হবে। অর্ণবের সর্বশেষ পূর্ণাঙ্গ মৌলিক গানের অ্যালবাম খুব ডুব প্রকাশিত হয় ২০১৫ সালে। এরপর আরও দুটি অ্যালবাম—অন্ধ শহর ও অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস ২ প্রকাশিত হয়েছে। অ্যালবাম দুটির একটি রিমেক, আরেকটিতে পুরোনো গানও রয়েছে।