
বিনোদন প্রতিবেদক : 2025-11-08
এই প্রজন্মের সংগীতশিল্পী ঈশান মজুমদার। গায়কি আর ব্যতিক্রমী পরিবেশনায় আলাদা পরিচয় তৈরি করেছেন তিনি। মাস পাঁচেক আগে প্রকাশিত ‘গুলবাহার’ গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ছড়িয়ে পড়েছিল। এবার ঈশান মজুমদার জানালেন, অনুরাগীদের আর খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। এই মাসেই তাঁর গাওয়া ‘যাব যাব মন’ শিরোনামে ফোক ঘরানার গানটি প্রকাশের পরিকল্পনা রয়েছে তাঁর। বর্তমানে গানটির পোস্টপ্রোডাকশনের কাজ চলছে। গানের কথা লিখেছেন যশ নমুদার, যুগ্মভাবে সংগীতায়োজন করেছেন ঈশান ও দীপ্র আহমেদ। গত বছর জুলাই গণ–অভ্যুত্থানের পর টাঙ্গাইলের মির্জাপুরে গানের ভিডিও চিত্রে দৃশ্যধারণ করা হয়েছে। মডেল হিসেবে আবদুল্লাহ আল সেন্টু ও মার্শিয়াকে দেখা যাবে। ঈশান মজুমদার বলেন, ‘সাঁতাও সিনেমায় সেন্টু ভাই খুব ভালো অভিনয় করেছেন। সিনেমাটি দেখে তাঁর সঙ্গে যোগাযোগ করি, তাঁর সঙ্গে মার্শিয়াকে নেওয়া হয়।’ ‘যাব যাব মন’ ছাড়াও আরও দু–তিনটি গান রেকর্ড করেছেন ঈশান। শিগগিরই ভিডিও চিত্রের কাজ করবেন, ধারাবাহিকভাবে একে একে গানের ভিডিও প্রকাশ করবেন। এর বাইরে আরও কয়েকটি গান লেখা রয়েছে তাঁর।