
বিনোদন প্রতিবেদক : 2025-11-25
তিন দশকেরও বেশি সময় ধরে পেশাগতভাবে গান গেয়ে যাচ্ছেন সঙ্গীতশিল্পী রিজিয়া পারভীন। একবার নায়ক রাজ রাজ্জাক রাজশাহীতে প্রথম রিজিয়াকে গান গাইতে দেখেন। তখনই নায়ক রাজ তাকে কথা দিয়েছিলেন তাকে দিয়ে সিনেমায় প্লে-ব্যাক করাবেন। পরবর্তীতে নায়ক রাজ তার অভিনীত আজহারুল ইসলাম খান পরিচালিত ‘তালাক’ সিনেমাতেক প্রথম প্লে-ব্যাক করার সুযোগ করে দেন রিজিয়া পারভীনকে। সেই থেকে আজ অবধি তিনি পেশাগতভাবে গান গেয়েই যাচ্ছেন। সিনেমাতে এক হাজারেরও বেশি গান গেয়েছেন রিজিয়া পারভীন। কিছুদিন আগেও রিজিয়া পারভীন আমেরিকাতে বেশ কয়েকটি স্টেজ শো’তে সেখানকার প্রবাসী বাংলাদেশীদের গানে গানে মুগ্ধ করেছেন। গত ২০ নভেম্বর রিজিয়া পারভীন দেশে ফিরেছেন। রিজিয়া পারভীন বলেন,‘ সিনেমায় আমার বেশকিছু জনপ্রিয় গান রয়েছে। তবে আমি যতোটা আশা করেছিলাম সিনেমার গান নিয়ে সে স্বপ্ন বা আশা পূরণ হয়নি। দেশের মানুষ আমাকে চিনেন জানেন, সম্মান করেন এটাই অনেক বড় প্রাপ্তি। এবার দীর্ঘদিন দেশে থাকার পরিকল্পনা নিয়েই দেশে ফিরেছি। বেশকিছু স্টেজ শো’তে পারফর্ম করার ব্যাপারে আলাপ চলছে। আশা করছি এই স্টেজ মৌসুমেও শ্রোতা দর্শককে গানে গানে মুগ্ধ করতে পারবো।’