
বিনোদন প্রতিবেদক : 2025-12-07
প্রায় দুই দশকের ক্যারিয়ার তানজিকা আমিনের। অথচ কাজের সংখ্যার বিচারে বেশ কম। সর্বশেষ এই অভিনেত্রীকে আশফাক নিপুণের ওয়েব সিরিজ ‘মহানগর ২’ এ দেখা যায়। চলতি মাসে দুটি ভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে তানজিকা অভিনীত দুটি ওয়েব ফিল্ম। একটির নাম ‘ডিমলাইট’ অন্যটি ‘অমীমাংসিত’।এ নিয়ে উচ্ছ্বসিত তানজিকা জানান, একেবারে ভিন্ন দুটি চরিত্রে দেখা যাবে তাকে। তিনি বলেন, ‘বছরের শেষ মাসে দুটি ওয়েব ফিল্ম একসঙ্গে মুক্তি পাওয়া আমার জন্য আনন্দের। প্রতিটি চরিত্রে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। দর্শক কেমন নেন সেটাই এখন দেখার বিষয়। আশা করছি সিরিজটি দর্শকের প্রত্যাশা পূরণ করবে।’ ‘ডিমলাইট’-এ তানজিকা অভিনয় করেছেন মধ্যবিত্ত পরিবারের এক গৃহিণীর চরিত্রে। এটি ১১ ডিসেম্বর চরকিতে মুক্তি পাচ্ছে। অন্যদিকে সময়ের আলোচিত নির্মাতা রায়হান রাফীর ‘অমীমাংসিত’ ওয়েব ফিল্মে তানজিকা অভিনয় করেছিলেন দুই বছর আগে। সেন্সর জটিলতায় এত দিন আটকে থাকলেও এই ডিসেম্বরে অবশেষে আইস্ক্রিনে মুক্তি পাচ্ছে এটি। এখানে তানজিকাকে দেখা যাবে একজন সাংবাদিকের ভূমিকায়, আর তার স্বামীর চরিত্রে ইমতিয়াজ বর্ষণ।