
বিনোদন প্রতিবেদক : 2025-12-10
রুবেল আনুশের গল্প ও পরিচালনায় এই সময়ের নাট্যাভিনেত্রী ফারিন খানকে নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘রং নাম্বার’। নাটকটিতে ফারিন খানের বিপরীতে অভিনয় করেছেন মুশফিক ফারহান। এরইমধ্যে ফারিনের বেশকিছু নাটক প্রচারে এসেছে। সেসব নাটকে তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। এই নাটক নিয়েও ফারিন ভীষণ আশাবাদী। ফারিন বলেন, ‘রং নাম্বার নামে একটি সিনেমা নির্মিত হয়েছিলো। এটি নির্মাণ করেছিলেন শ্রদ্ধেয় মতিন রহমান স্যার। অভিনয় করেছিলেন রিয়াজ ভাই এবং শ্রাবন্তী আপু। সিনেমাটি সম্পর্কে আমি অবগত। আর এই রং নাম্বারটি নির্মাণ করেছেন রুবেল আনুশ। তারই গল্প। এর আগে রুবেল আনুশ ভাইয়ের নির্দেশনায় পাঁচ/ছয়টি নাটকে অভিনয় করেছি। তিনি চেষ্টা করেন ভীষণ যত্ন নিয়ে নাটক নির্মাণ করতে। যথারীতি রং নাম্বারের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। অনেক যত্ন নিয়েই তিনি নাটকটি নির্মাণ করার চেষ্টা করেছেন। আমি যতোটুকু জানি নাটকটি আরটিভিতে জমা দেয়া আছে। তো যা সাধারণত হয় আমি এবং ফারহান ভাই কোনো নাটকে অভিনয় করলে এবং তা যদি আরটিভিতে জমা হয়, তাহলে সেই নাটক যেকোনো উৎসবেই প্রচার করা হয়। তো আমার মনে হচ্ছে সামনে যেকোনো একটি উৎসবেই নাটকটি প্রচার হবে। হতে পারে তা ইংরেজি নতুন বছর শুরুর উৎসব কিংবা ভালোবাসা দিবস কিংবা ঈদ। কিন্তু যখনই প্রচাওে আসুক আশা করছি ভালোলাগবে দর্শকের।’