
বিনোদন প্রতিবেদক : 2025-12-11
গ্রামের সহজ-সরল চেহারার আড়ালে লুকিয়ে থাকা এক জটিল মনস্তত্ত্বের গল্প নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘গিট্টু ভাই’। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা তারিক স্বপন ও আঁখি চৌধুরী। অর্পনা রানী রাজবংশীর রচনা ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনায় করেছেন মো. ফাহাদ। এছাড়া নাকটিতে আরো যারা অভিনয় করেছেন- কাজী রাজু, সাহেলা আক্তার, ফরিদ হোসাইন, ফাহামিদা রহমান তৃষা, প্রমুখ। নাট্যকার অর্পনা রানী রাজবংশী বলেন- গিট্টু মনির আসলে এক প্রকার সাইকোপ্যাথ। কিন্তু তার আচরণের পেছনে রয়েছে এক করুণ অতীত। ছোটবেলায় মা মারা যাওয়ার পর সৎ মায়ের কাছে অনাদরে বেড়ে ওঠা এই যুবক কখনো ভালোবাসার স্পর্শ পায়নি। সৎ মায়ের শাসন আর বঞ্চনা তাকে ধীরে ধীরে ভালোবাসা-বঞ্চিত এক অস্থির মানুষে পরিণত করেছে। হিতাহিত জ্ঞানশূন্য হয়ে সে অন্যের ক্ষতি করেই নিজের আনন্দ খোঁজে। নাটকটি প্রসঙ্গে নির্মাতা মো. ফাহাদ বলেন- “আমাদের সমাজের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা দুমুখো সাপের মতো এক পরিবারের সাথে আরেক পরিবারের সম্পর্ক ধ্বংস করে দিচ্ছে। আমরা মানুষের বর্তমান দেখে বিচার করি, কিন্তু তার অতীত বা পেছনের কারণ খুঁজি না। একটা মানুষ কেন এমন হলো, তার সেই অতীতটা জেনে বিচার করা উচিত—এটাই এই নাটকের মূল বার্তা।”