
বিনোদন প্রতিবেদক : 2025-12-14
দেশের একজন প্রখ্যাত নজরুল সংগীত শিল্পী, শিক্ষক ও সংগঠক খায়রুল আনাম শাকিল। যিনি প্রায় পাঁচ দশক ধরে নিরলসভাবে নজরুল সংগীত চর্চা ও প্রসারে কাজ করছেন এবং ২০১৯ সালে একুশে পদকে ভূষিত হয়েছেন। তিনি শুধু গানই করেন না, নজরুল সংগীতের গবেষণা ও প্রসারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, যেমন নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। শনিবার ছায়ানট মিলনায়তনে খায়রুল আনাম শাকিলের সংগীত জীবনের ৫০ বছর উপলক্ষে অনুরাগী এবং খায়রুল আনাম শাকিলের ছাত্র-ছাত্রীদের এক আনন্দ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ডা. সারওয়ার আলী, মফিদুল হক , সুলতানা কামাল এবং মাহমুদুর রহমান বেনু । এই অনুষ্ঠানে খায়রুল আনাম শাকিল তার পছন্দের ১৫ টি গান গেয়ে শোনান। যার মধ্যে এ নহে বিলাস বন্ধু, পাষাণের ভাঙালে ঘুম, হে প্রিয় আমার দিব না ভুলিতে, আবার ভালোবাসার সাধ জাগে,কেন আনফুল ডোর, সেদিনের সোনা ঝরা সন্ধ্যা, সোনার হাতে সোনার কাঁকন, মম মনের বেদনা, পথ হারাবো বলে ইত্যাদি।
শুরুতে খায়রুল আনামের ছাত্র-ছাত্রীরা “এক অপ্সরা রূপে মা তোমায় হেরিনু প্রিয়জনী” এই সমবেত সংগীতটি পরিবেশন করেন। অনুষ্ঠানে শিল্পী খায়রুল আনাম শাকিলের সংগীত জীবন নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ত্রপা মজুমদার। সহযোগিতায় ছিলেন এনিগমা টিভি। মাত্র দশ বছর বয়সে সুরের জগতে প্রবেশ করেন এবং প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খালা তাহমিনা রব্বানীর কাছে গান শেখা শুরু করেন, যেখানে নজরুল, রবীন্দ্র ও ফোক গান চর্চা করতেন। সঙ্গীতে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে। তিনি কবি নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে নজরুল চর্চাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি মনে করেন, নজরুল সংগীতের সুর পশ্চিমা থেকে গ্রহণ করা হলেও তা আমাদের মাটির সাথে মিশে গেছে এবং তিনি এ বিষয়ে বেশ আশাবাদী।