
বিনোদন প্রতিবেদক : 2025-12-19
নির্মাতা মেহেদী হাসান হৃদয় এবং প্রযোজক শেহরিন সুমি হাজির হলেন নতুন ধামাকা নিয়ে। এবার তাদের তুরুপের তাস চিত্রনায়ক সিয়াম আহমেদ। বুধবার সন্ধ্যায় প্রকাশিত হয়েছে তাদের নতুন চলচ্চিত্র ‘রাক্ষস’-এর ফার্স্ট লুক। রক্তাক্ত বাথটাব ও সিয়ামের বিধ্বংসী রূপ সিনেমার ফার্স্ট লুকে দেখা যায় এক অবিশ্বাস্য ও লোমহর্ষক দৃশ্য। ধবধবে সাদা ঘরের মেঝে জুড়ে ছোপ ছোপ রক্তের দাগ। মাঝখানে রক্তে ভরা একটি বাথটাব, যেখানে নিথর পড়ে আছে একটি বাঘ। বুধবার এফডিসিতে ‘রাক্ষস’-এর ফার্স্ট লুক রিলিজ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সিয়াম আহমেদ জানান, এই চরিত্রের জন্য তাকে দীর্ঘ ৯ মাস ধরে কঠোর পরিশ্রম করতে হয়েছে। সিনেমার থিম সম্পর্কে তিনি বলেন, “ভালোবাসার জন্য একজন মানুষ কতটা ভায়োলেন্ট হয়ে উঠতে পারে, সেই গল্পই বলবে ‘রাক্ষস’।” নায়িকা ও শুটিং লোকেশন ‘রাক্ষস’-এ সিয়ামের নায়িকা হিসেবে থাকছেন ওপার বাংলার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। জানা গেছে, সিনেমার ক্যানভাস হবে বেশ বড়। দেশের বাইরে শ্রীলঙ্কা ও মালয়েশিয়াতেও হবে ছবির কিছু অংশের চিত্রায়ণ।