
বিনোদন প্রতিবেদক : 2026-01-03
আসছে ঈদুল ফিতরকে সামনে রেখে জোরেশোরেই এগোচ্ছে মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমা ‘রাক্ষস’। গত মাসে শুটিং শুরু হওয়া এই সিনেমার ফার্স্ট লুক প্রকাশের পর থেকেই দর্শক মহলে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। তার বিপরীতে রয়েছেন টালিউড অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। নির্মাতা সূত্রে জানা গেছে, ‘রাক্ষস’ মূলত এক অন্ধকার জগতের গল্প। এতে থাকবে প্রচুর ভায়োলেন্স ও রাফ ন্যারেটিভ, যা দেশীয় সিনেমায় খুব একটা দেখা যায় না। এরই মধ্যে রাজধানী ঢাকায় সিনেমাটির গুরুত্বপূর্ণ অংশের শুটিং সম্পন্ন হয়েছে। ঢাকার শিডিউলে টানা চার দিন শুটিং করেছেন সুস্মিতা চ্যাটার্জি। কাজ শেষ করে তিনি কলকাতায় ফিরে গেছেন। এবার জানা গেছে, আজ পুরো ‘রাক্ষস’ টিম শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেবে। সেখানে সিয়াম আহমেদের সঙ্গে শুটিংয়ে অংশ নেবেন সুস্মিতা চ্যাটার্জিসহ সিনেমার আরও কয়েকজন শিল্পী। শ্রীলঙ্কায় টানা দুই সপ্তাহ শুটিং চলবে। শুধু শ্রীলঙ্কাই নয়, ‘রাক্ষস’-এর কিছু অংশের শুটিং হবে মালয়েশিয়াতেও। বিদেশের শিডিউল শেষ করে ঢাকায় ফিরে বাকি অংশের কাজ সম্পন্ন করার পর সিনেমাটির ক্যামেরা ক্লোজ করার পরিকল্পনা রয়েছে নির্মাতা টিমের।