
বিনোদন প্রতিবেদক : 2026-01-05
অভিনেতা শামীম হাসান সরকার ইউটিউব ভিত্তিক নাটকেই ব্যস্ত সময় পার করছেন। সমসাময়িক অনেক অভিনয়শিল্পী ওটিটিতে নিয়মিত কাজ করলেও শামীম এখনও সে তালিকায় নেই। অভিনেতার দাবি, তার নামে ছড়ানো বদনামই এর বড় কারণ। সম্প্রতি একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে নিজের অবস্থান নিয়ে খোলামেলা কথা বলেন শামীম। তিনি বলেন, ওটিটির কাজ বেশি করা টিম বা পরিচালকদের সঙ্গে তার তেমন আড্ডা কিংবা হাই-হ্যালো নেই। পরিচয়ের অভাবেই যোগাযোগ গড়ে ওঠেনি। এটাকে নিজের ব্যর্থতা হিসেবেই দেখেন তিনি। শামীমের ভাষায়, কেন জানি অনেকের কাছেই তার বদনাম বেশি। সেই বদনাম কেউ কেউ ইচ্ছাকৃতভাবেই ছড়ায়। কী ধরনের বদনাম-এ প্রশ্নে অভিনেতা বলেন, ২০১৮ সাল থেকে তিনি নিয়মিত কাজ করছেন। সে সময় ইউটিউবকেন্দ্রিক কিছু কাজ করায় এক শ্রেণির মানুষ তাকে ‘ইউটিউবার’ বলে ছোট করার চেষ্টা করত। তাদের বানানো একই গল্প বারবার ছড়িয়ে তাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, এই বদনাম ছড়ানোর পেছনে কখনও কখনও নিজের সহকর্মীরাও জড়িত। কোনো কোনো ক্ষেত্রে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার মার্কেট নষ্ট করার চেষ্টা করা হয়েছে। তবে শামীমের বিশ্বাস, সৎ পথে থাকলে এসব খুব বেশি ক্ষতি করতে পারে না। তিনি বলেন, এখন বুঝতে পারছেন বদনাম অনেকটাই কমেছে। গত চার-পাঁচ মাসে তার বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ শোনেননি।