
বিনোদন প্রতিবেদক : 2026-01-07
নারী নির্মাতা জিনাত তামান্নার পরিচালনায় নির্মিত নতুন টেলিভিশন নাটক “উড়ে মন রোদ্দুরে”-এ প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেছেন নিশা হক ও আবিদ বিন পারভেজ প্রান্ত। নাটকটি নতুন বছরের প্রথম দিনে প্রচারিত হতে যাচ্ছে।
নাটকটি সম্পর্কে কথা বলতে গিয়ে অভিনেত্রী নিশা হক জানান, দীর্ঘ ছয় বছর ধরে কাজ করার পর এই প্রথমবার বছরের প্রথম দিনেই তার অভিনীত কোনো নাটক টেলিভিশনের পর্দায় প্রচারিত হতে যাচ্ছে। তিনি বলেন, “আমরা পুরো টিম ঢাকা থেকে শ্রীমঙ্গলে গিয়ে নাটকটির শুটিং করেছি। প্রতিদিন ভোর পাঁচটা থেকেই কাজ শুরু করতাম। শ্রীমঙ্গলের মনোরম প্রকৃতির মাঝে জুবেদা ও আরাফ চরিত্রে আমাকে ও প্রান্তকে খুনসুটি করতে দেখা যাবে।” নিশা হক আরও জানান, নাটকটিতে নিশা ও প্রান্তের পর্দার রসায়ন দর্শকদের আকৃষ্ট করবে বলে তিনি আশাবাদী।
নাটকটির গল্প রচনা করেছেন মুরাদ পারভেজ এবং পরিচালনা করেছেন জিনাত তামান্না। এই নাটকের অভিনয়শিল্পীরা হলেন- আবিদ বিন পারভেজ প্রান্ত, নিশা হক, কোহিনূর আলম, শেখ স্বপ্না, রবিউল মাহমুদ ইয়ং, মিলি মুন্সি । নাটকটি আজ রাত ৯.৩০ মিনিটে এনটিভি-র পর্দায় প্রচার হবে।