Menu

SANGBAD

বিনোদন » অন্যান্য

বগুড়ায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু

image

জেলা বার্তা পরিবেশক, বগুড়া : 2026-01-10

‘তারুণ্যের চলচ্চিত্র, তারুণ্যের উৎসব’ শীর্ষক স্লোগানে তিন দিনের আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে বগুড়ার পুন্ড্রনগর চলচ্চিত্র সংসদ। উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটককে উৎসবটি উৎসর্গ করা হয়েছে।

আয়োজক সূত্রে জানা যায়, এবারের উৎসবে বাংলাদেশসহ ৩২ দেশের ৭৪টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। নির্বাচিত চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে বগুড়ার মধধুবন সিনেপ্লেক্স ও জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে।

শুক্রবার মধুবন সিনেপ্লেক্সে উৎসবের উদ্বোধনী পর্বে শুভেচ্ছা বক্তব্য দেন উৎসব পরিচালক সুপিন বর্মন। সভাপতিত্ব করেন উৎসব চেয়ারম্যান এম রহমান সাগর। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরউল্লাহ, নেপাল কালচারাল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের চেয়ারম্যান সন্তোষ সুবেদী, বগুড়া থিয়েটারের আহ্বায়ক পলাশ খন্দকার, নির্মাতা মোহাম্মদ রকিবুল হাসান, অন্তু আজাদ ও রাজিবুল হোসাইন।

উৎসব পরিচালক সুপিন বর্মন অনুষ্ঠানে বলেন, এবারের উৎসবে সাতটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হবে। আয়োজনে রয়েছে আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য, ফিচার ফিল্ম, ডকুমেন্টারি, অ্যানিমেটেড ফিল্ম ও ওপেন ডোর শর্ট ক্যাটাগরিসহ ন্যাশনাল ফিল্ম কম্পিটিশন। শ্রেষ্ঠ চলচ্চিত্রের পাশাপাশি দেয়া হবে ‘অনারেবল মেনশন’ অ্যাওয়ার্ড। প্রতিটি ক্যাটাগরিতে সেরা চলচ্চিত্র নির্বাচনের জন্য ইতিমধ্যে গঠিত হয়েছে অভিজ্ঞ জুরিবোর্ড।

আয়োজকেরা জানান, মধুবন সিনেপ্লেক্সে শুক্রবার (গতকাল) দুপুর তিনটা থেকে এবং শনিবার (আজ) সকাল ১০টা থেকে উৎসবে অংশ নেয়া চলচ্চিত্র প্রদর্শিত হবে। শিল্পকলা একাডেমিতে উদ্বোধনী দিন ছাড়াও শুক্রবার বেশ কিছু চলচ্চিত্র প্রদর্শিত হবে। এছাড়া চলচ্চিত্রবিষয়ক সেমিনার এবং আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত আলোকচিত্রী তৌহিদ পারভেজ বিপ্লবের তোলা ছবি নিয়ে ‘ফটো রিলস’ প্রদর্শিত হবে। উৎসবে অংশগ্রহণ করেছেন ৬টি দেশের ৪৫ জন নির্মাতা ও কলাকুশলী।


Fatal error: Uncaught mysqli_sql_exception: Incorrect date value: '22 July, 2026' for column `sangbadn_online`.`sangbad_readers`.`read_date` at row 1 in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php:142 Stack trace: #0 /home/sangbadn/public_html/entertainment/core/functions.php(142): mysqli->query('insert into san...') #1 /home/sangbadn/public_html/entertainment/details.php(84): make_read('172187') #2 /home/sangbadn/public_html/entertainment/index.php(10): require_once('/home/sangbadn/...') #3 {main} thrown in /home/sangbadn/public_html/entertainment/core/functions.php on line 142