
বিনোদন প্রতিবেদক : 2026-01-10
এলিনা শাম্মী একাধারে একজন নাট্যকার, উপস্থাপিকা ও অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি নাটকও রচনা করেন নিয়মিত। সম্প্রতি নির্মিত হয়েছে এলিনা শাম্মীরই রচনায় নাটক ‘ব্যাচেলর ডায়েরি’। নাটকটি বিটিভির প্রযোজনায় নির্মিত হয়েছে। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ডলি জহুর, মীর রাব্বি, এলিনা শাম্মী, আইনূন পুতুল, মারিয়া ফারিহা উপমা, কবির টুটুল, ফিরোজ শাহী, আল আমিন সবুজ। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ডলি জহুর বলেন, ‘বিটিভিতে কাজ করেই কিন্তু আজকের আমি। এক জীবনের বিটিভির জন্য যে দর্শকপ্রিয়তা, যে ভালোবাসা পেয়েছি তা আর কোনোকিছুর সঙ্গে তুলনা হয় না। তাই বিটিভিতে কাজ করতে এলে ভীষণ আপ্লুত হয়ে পড়ি। ব্যাচেলর ডায়েরি নাটকটির গল্প খুব সুন্দর। শাম্মী চমৎকার একটি গল্প লিখেছে। অভিনয়ও ভালো করে শাম্মী। নাটকটিতে আর যারা অভিনয় করেছে প্রত্যেকেই যার যার চরিত্রে বেশ ভালো অভিনয় করেছে। আশা করছি নাটকটি দর্শকের ভালো লাগবে।’ এলিনা শাম্মী বলেন, ‘ব্যাচেলর ডায়েরি একটি পারিবারিক ও সমাজঘনি নাটক। যা সব বয়সি দর্শকের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস। আর শ্রদ্ধেয় ডলি জহুর আপার সঙ্গে আমার অভিনয় জীবনে এটাই প্রথম কাজ। এই বয়সেও তিনি এতো ডেডিকেটেড। এই বয়সে এসেও তার এতোকিছু মনে থাকে, কস্টিউম কন্টিউনিটি মনে থাকে- এমন আরও অনেক কিছু যা তার কাছে শেখার আছে। শুটিং যখনই আমরা টুকটাক ভুল করেছি, তিনি বেশ আন্তরিকতা নিয়ে কারেকশন করে দিয়েছেন। এটা সত্যিই অনেক ভালো লাগার বিষয়। আমি আগামীতেও ডলি আপার সঙ্গে আরও কাজ করার আকাক্সক্ষা রাখি।’