
বিনোদন প্রতিবেদক : 2026-01-12
গত বছর অভিনয় জীবনে দারুণ সময় পার করেছেন নাট্যাঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। তার অভিনীত একাধিক নাটক দর্শকমহলে প্রশংসিত হয়। বিশেষ করে ইউটিউবে প্রচারিত ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’-এ ফাতেমা চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক আলোচনায় আসেন। এই ধারাবাহিকে অভিনয়ের জন্য গত ৯ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক সিলভার জুবিলি অ্যাওয়ার্ড ২০২৫’-এ দীপা খন্দকার ‘বেস্ট সাপোর্টিভ ক্যারেক্টার’ বিভাগে পুরস্কার লাভ করেন। অনুষ্ঠানে তিনি উপস্থিত না থাকলেও তার পক্ষে নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ অ্যাওয়ার্ড গ্রহণ করেন এবং পরদিন দীপার হাতে তুলে দেন। দীপা খন্দকার বলেন, ‘এটা আমাদেরই গল্প ধারাবাহিকের
ফাতেমা চরিত্রটি যে দর্শকের মনে দাগ কেটেছে তা চলতে ফিরতে বেশ অনুভব করতে পারি। দর্শকের সঙ্গে দেখা হলে তারা ফাতেমা চরিত্রটি নিয়ে বেশ আগ্রহ ভরে কথা বলেন। দর্শকের এই যে ভালোলাগা এই যে উচ্ছ্বাস আমি তা নতুন করে উপলদ্ধি করছি। এটা আমাদেরই গল্প নাটকে অভিনয়ের জন্য এই সম্মাননা এই প্রাপ্তি সত্যিই অনেক অনেক ভালোলাগার। ভীষণ ভালোলাগলো এই সম্মাননা পেয়ে। আমিতো বলবো এটা শুধুই আমার নয়, এটা আমাদেরই গল্পর পুরো টিমের পুরস্কার। ধন্যবাদ এই নাটকের পরিচালক রাজকে, ধন্যবাদ দর্শককে। আগামীতে আরও ভালো ভালো কাজ করার অনুপ্রেরণা পেলাম।’ এরইমধ্য দীপা শেষ করেছেন বদিউল আলম খোকন পরিচালিত ‘তছনছ’ সিনেমার কাজ। এ ছাড়া আরও বেশকিছু কাজের সঙ্গে এই মুহূর্তে সম্পৃক্ত আছেন দীপা খন্দকার যা সময় হলেই সবাইকে জানান দিবেন তিনি।