
বিনোদন প্রতিবেদক : 2026-01-13
‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ ২০১৭ সালের প্রতিযোগিতায় শীর্ষস্থানে অবস্থান করেন মৌমিতা বড়ুয়া। এর মধ্য দিয়ে পেশাগতভাবে গানের ভুবেন তার যাত্রা শুরু হয়। মৌমিতা গেয়েছেন অনেকগুলো মৌলিক গান। তিনি জানান, নাটকের গানেও তার রয়েছে দারুণ জনপ্রিয়তা। এরই মধ্যে পরপর দুটি খণ্ড নাটকের সূচনা সংগীতও গেয়েছেন তিনি। রুবেল আনুশ পরিচালিত ‘কাঠের ফুল’ ও ‘নজর’ নাটকের সূচনা সংগীত গেয়েছেন। গান দুটির শিরোনাম নাটকের নামেই। দুটি গানই লিখেছেন সংগীতশিল্পী-সুরকার, সংগীত পরিচালক সৈয়দ নাফিস। ‘কাঠের ফুল’ গানটি মৌমিতা একাই গেয়েছেন। ‘নজর’ গানটি গেয়েছেন মৌমিতা ও নাফিস। এরই মধ্যে দুটি নাটকই প্রচারে এসেছে। মৌমিতা বলেন, ‘আমার সৌভাগ্যই বলা চলে যে বেশকিছু ভালো ভালো মৌলিক গান গাওয়ার সুযোগ হয়েছে আমার। আবার এখন ভালো ভালো কিছু নাটকেও কাজ করার সুযোগ হয়েছে। গানগুলো প্রকাশের পরও বেশ ভালো রেসপন্স পাচ্ছি। সত্যি বলতে কী নিজের মনের মতো কিছু গান করতে চাই। যেন শ্রোতা-দর্শক আমাকে যুগের পর যুগ মনে রাখেন।’