
বিনোদন প্রতিবেদক : 2026-01-15
এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী শাপলা পাল। তিনি বছরের শুরুতেই এবার একটি কাভার গান শ্রোতা দর্শককে উপহার দিলেন। খালিদ হাসান মিলুর কণ্ঠের গান ‘আমার মতো এত সুখী নয়তো কারো জীবন’ গানটিই কাভার সং হিসেবে এবার তিনি তার নিজের ইউটিউব চ্যানেলে ‘শাপলা পাল’-এ প্রকাশ করেছেন। প্রয়াত নায়ক রাজ রাজ্জাক পরিচালিত ও অভিনীত ‘বাবা কেন চাকর’ সিনেমায় এই গানটি মিলু গেয়েছিলেন। এই কাভার সংটি ১৪ জানুয়ারি প্রকাশিত হয়েছে। শাপলা পাল বলেন, ‘এর আগেও আমার চ্যানেলে বিভিন্ন শিল্পীর বিখ্যাত গানের কাভার সং করে আমি প্রকাশ করেছি। সেসব গানের জন্য বেশ ভালো সাড়া পেয়েছি। আমার মতো এত সুখী- গানটি আমার ভীষণ ভীষণ প্রিয়। গানটি যখনই শুনি, যখন দেখি নায়ক রাজ রাজ্জাক স্যারের অভিনয় তখন আমারও খুব বাবার কথা মনে পড়ে। বাবা নেই, নায়ক রাজও নেই। কিন্তু গানটি শুনলে মনে হয় হয়তো বাবা আমার আশেপাশেই আছেন। গানটি গাইতে গিয়েও আমার অনেক কষ্ট হচ্ছিল, চোখে বারবার জল চলে আসছিল। আসলে কিছু গান থাকে যা জীবনের সঙ্গে এত গভীরভাবে মিশে যায় মনে হয় যেন এই গান আমারই গান। যাইহোক গানটি আমার কণ্ঠে কেমন লাগল, জানতে পারলে ভালো লাগবে আমার।’