
বিনোদন ডেস্ক : 2026-01-16
দীর্ঘ চার বছরের বিরতির পর বিশ্বজুড়ে কনসার্ট ট্যুরে ফেরার ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়ার কে-পপ সুপারগ্রুপ বিটিএস। মিলিটারি সেবা শেষে সাত সদস্যের একসঙ্গে প্রত্যাবর্তনের মধ্য দিয়ে চলতি বছরের এপ্রিল থেকে শুরু হচ্ছে তাদের নতুন বিশ্বট্যুর। এর আগে মার্চ মাসে প্রকাশ পাবে ব্যান্ডটির নতুন অ্যালবাম, যা ভক্তদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে। ঘোষিত সূচি অনুযায়ী, এই বিশ্বট্যুরে ৩৪টি শহরে মোট ৭৯টি কনসার্ট অনুষ্ঠিত হবে। এক সফরে এত বেশি কনসার্ট আয়োজনের মাধ্যমে কে-পপ ইতিহাসে নতুন রেকর্ড গড়তে যাচ্ছে বিটিএস। একই সঙ্গে এটি দক্ষিণ কোরিয়ার কোনো শিল্পীর জন্য সর্ববৃহৎ আন্তর্জাতিক ও আঞ্চলিক প্রচারণা হিসেবেও বিবেচিত হচ্ছে। বিশ্বট্যুরের যাত্রা শুরু হবে ৯ এপ্রিল দক্ষিণ কোরিয়ার গোয়াং শহর থেকে, যেখানে টানা তিনটি কনসার্ট করবে দলটি। এরপর জাপান সফর শেষে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন শহরে পারফর্ম করবে বিটিএস। প্রায় দুই বছরব্যাপী এই সফর শেষ হবে ২০২৭ সালের মার্চে ফিলিপাইনের মানিলা শহরে। বিটিএস কেবল একটি জনপ্রিয় ব্যান্ড নয়, বরং দক্ষিণ কোরিয়ার অর্থনীতির জন্যও একটি বড় ব্র্যান্ড। মিলিটারি সেবায় যাওয়ার আগে প্রতি বছর তারা দেশকে আনুমানিক ৫.৫ ট্রিলিয়ন ওয়ন আয় এনে দিত, যা দেশের মোট জিডিপির প্রায় ০.২ শতাংশ। তাই তাদের বিশ্বট্যুর ঘোষণার পরই দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব দেখা গেছে। বিশেষজ্ঞদের ধারণা, পুরো ট্যুর চলাকালে প্রায় ৪.৫ মিলিয়ন দর্শক বিটিএসের কনসার্ট উপভোগ করবেন। টিকিট বিক্রি, পর্যটন, মার্চেন্ডাইজ ও সম্প্রচার স্বত্ব মিলিয়ে এই ট্যুর থেকে বিপুল অঙ্কের রাজস্ব আসবে বলে আশা করা হচ্ছে।