
বিনোদন প্রতিবেদক : 2026-01-19
জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সমাপনী আয়োজনে বিভিন্ন দেশের নির্বাচিত সিনেমার মধ্যে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। উৎসবের সেরা পূর্ণদৈর্ঘ্য সিনেমার পুরস্কার জিতেছে কিরগিজস্তানের বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত ছবি ‘কুরাক’। ছবিটি এর আগে দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও দুটি পুরস্কার অর্জন করেছিল। আজারবাইজানের সিনেমা ‘আ লোনলি পারসনস মনোলগ’–এর জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন এমিন আফানডিয়েভ। তাজিকিস্তান ও ইরানের যৌথ প্রযোজনার ‘ফিশ অন দ্য হুক’ ছবির জন্য স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড পেয়েছেন ইসফনডিয়র ঘুলোমভ। কিরগিজস্তানের আরেক ছবি ‘বার্নিং’ এর জন্য সেরা চিত্রনাট্যের পুরস্কার পেয়েছেন দস্তান মাডেলিয়েভ ও আইজাদা বেকবালেয়েভা। সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন ইয়েরলান টুলেতি এবং সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন ফারিবা নাদেরি। বাংলাদেশ প্যানারোমা বিভাগেও একাধিক সিনেমা পুরস্কৃত হয়েছে। ট্যালেন্ট বিভাগে দ্বিতীয় রানারআপ হয়েছে আবির ফেরদৌসের ‘ইশপাইট’, প্রথম রানারআপ উমিদ আশরাফের ‘ধ্যাৎ’। ফিপ্রেসকি জুরি পুরস্কার পেয়েছে তানহা
তাবাসসুমের ‘হোয়াট ইফ’। বাংলাদেশ প্যানারোমা বিভাগে সেরা সিনেমার পুরস্কার জিতেছে আকাশ হক পরিচালিত ‘ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’, যা গণরুম ও ছাত্ররাজনীতির গল্প নিয়ে নির্মিত। এবারের উৎসবে অডিয়েন্স অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার যৌথ প্রযোজনার ‘ড্রেইন্ড বাই ড্রিমস’। এ ছাড়া চীনের ছবি ‘অল কোয়াইট অ্যাট সানরাইজ’-ও দর্শক পুরস্কার অর্জন করে। শিশু চলচ্চিত্র বিভাগে বাদল রহমান পুরস্কার পেয়েছে চীনের ‘কুইটং অ্যান্ড কুইহুয়া’। ওয়াইড অ্যাঙ্গেল বিভাগে সেরা হয়েছে এস্তোনিয়া, জার্মানি ও লাটভিয়ার যৌথ প্রযোজনার ‘লায়নেস’। উইমেন ফিল্মমেকার বিভাগে স্পেশাল মেনশন পুরস্কার পেয়েছে ফিলিপাইনের ‘বিনিথ দ্য ব্রিজ’ এবং সেরা নির্মাতার পুরস্কার জিতেছেন কিরগিজস্তানের আইজাদা বেকবালেভা। সেরা স্বল্পদৈর্ঘ্য সিনেমা নির্বাচিত হয়েছে ‘লিটল সিরিয়া’। তথ্যচিত্র, ফিকশন ও স্পিরিচুয়াল ফিল্মসহ অন্যান্য বিভাগেও বিভিন্ন দেশের সিনেমা পুরস্কৃত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উৎসব কমিটির নির্বাহী সদস্য জালাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনের কালচারাল কাউন্সিলর লি শিয়াও পেং, ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ মার্ক সেরে শার্লেটসহ বিভিন্ন দেশের কূটনৈতিক ও সাংস্কৃতিক প্রতিনিধিরা। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী আহমেদ হাসান সানি।