
বিনোদন প্রতিবেদক : 2026-01-20
ঢাকাই শোবিজের জনপ্রিয় দুই মুখ সুনেরাহ বিনতে কামাল ও ফররুখ আহেমদ রেহান অভিনয় করেছেন নতুন মিউজিক্যাল ফিল্ম ‘ও জান’-এ। নেপালের মুস্তাং জেলার জমসম শহরে, মাইনাস ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে এর শুটিং সম্পন্ন হয়েছে। তুষারে ঢাকা পাহাড়, নীল আকাশ আর নিস্তব্ধ প্রকৃতির সৌন্দর্যে ঘেরা জমসম বহুদিন ধরেই আন্তর্জাতিক নির্মাতাদের প্রিয় শুটিং লোকেশন। ‘ও জান’ মূলত গত বছরের আলোচিত গান ‘ময়না’-এর টিমের দ্বিতীয় প্রজেক্ট। গানটিতে কণ্ঠ দিয়েছেন কোনাল ও নিলয়, কথা লিখেছেন আসিফ ইকবাল। সুর করেছেন আভ্রাল সাহির ও কলকাতার লিংকন, সংগীতায়োজন আভ্রাল সাহির। মিউজিক্যাল ফিল্মটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। এই প্রজেক্টের মাধ্যমে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন সুনেরাহ ও রেহান। সুনেরাহ ও রেহান দুজনই জানিয়েছেন, চরম ঠান্ডার মধ্যেও নেপালের মনোমুগ্ধকর সৌন্দর্যে কাজ করার অভিজ্ঞতা তাদের জন্য স্মরণীয়। নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, ‘ও জান’ একটি পিউর রোমান্টিক গান, যেখানে আধুনিক প্রেমের গল্প তুলে ধরা হয়েছে নান্দনিক ভিজ্যুয়ালে। মিউজিক্যাল ফিল্মটি আগামী ৩০ জানুয়ারি গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।