
বিনোদন প্রতিবেদক : 2026-01-21
দেশের প্রখ্যাত সংগীতশিল্পী বশির আহমেদের দুই সন্তান হোমায়রা বশির ও রাজা বশির। দীর্ঘদিন যাবতই পেশাগতভাবে গান গেয়ে আসছেন তারা। এবার দুই ভাই বোন বাংলাদেশ বেতারের জন্য একটি গানে কণ্ঠ দিয়েছেন। গানের শিরোনাম ‘ভালোবাসার নোনা জলে’। গানটি লিখেছেন ফখরুল করিম, সুর করেছেন যথারীতি রাজা বশির, সুরই যার এখন নিত্যসঙ্গী। গত সোমবার বাংলাদেশ বেতারে গানটির রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। হোমায়রা বশির বলেন, ‘এই গানটি একটি বিশেষ দ্বৈত গান। অসাধারন কাব্যিক কথায় গানটির সুর করেছে আমার ছোটু রাজা বশির। গানের কথা ও সুরের এতো দারুণ সমন্বয়, আমরা
দুই ভাই বোনও চেষ্টা করেছি মনের মাধুরী মিশিয়ে গানটি গাইতে। আশা করছি গানটি সবারই ভালোলাগবে। ধন্যবাদ জানাই মনিরুজ্জামান লাবু ভাইকে।’ রাজা বশির বলেন, ‘গীতিকবি ফখরুল করিম ভাইয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এতো চমৎকার একটি গান উপহার দেয়ার জন্য। যথারীতি আমি চেষ্টা করেছি গানের কথা অনুয়ায়ী মনের মতো সুর করতে। সবারই ভালো লাগবে, এতটুকু আশা করা যায়। কারণ গানটির রেকর্ডিংয়ের সময় সবাই গানটি নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন। ধন্যবাদ হোমায়রা আপাসহ এর নেপথ্যে যারা ছিলেন।’