
বিনোদন প্রতিবেদক : 2026-02-01
ঈদ উপলক্ষে চ্যানেল আইয়ের পর্দায় আবারও আসছেন দেশের জীবন্ত কিংবদন্তি অভিনেতা, নাট্যকার ও পরিচালক আবুল হায়াত। ধারাবাহিকতার অংশ হিসেবে আসন্ন ঈদের জন্য তিনি নির্মাণ করেছেন নতুন একক নাটক ‘সখিনা’। নাটকটির গল্প লিখেছেন প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন। চিত্রনাট্য ও নির্দেশনার দায়িত্বে রয়েছেন আবুল হায়াত নিজেই। সম্প্রতি ঢাকার বাইরে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা। নাটকে সখিনা চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় উপস্থাপিকা ও অভিনেত্রী মৌসুমী মৌ। তার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা শ্যামল মাওলা।
নাটকটির গল্প সম্পর্কে আবুল হায়াত বলেন, “সখিনা গ্রামের একজন সাধারণ মেয়ে। গ্রামের মানুষ তাকে অপয়া মনে করে, যার কারণে তার বিয়ে হয় না। পরে তার বাবা অনেক টাকা দিয়ে এক দরিদ্র যুবকের সঙ্গে বিয়ে দিয়ে স্বামীকে বিদেশে পাঠায়। তবুও সখিনার জীবনে সুখ আসে না। সেখান থেকেই নাটকের গল্প এগিয়ে যায়।”
মৌসুমী মৌর অভিনয় প্রসঙ্গে তিনি আরও বলেন, “সখিনা চরিত্রে মৌসুমী মৌ চমৎকার অভিনয় করেছে। সে শিক্ষিত, উপস্থাপনায় যেমন ভালো, অভিনয়েও তেমনি দক্ষ। চরিত্রটি খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে। নির্মাতা হিসেবে আমি সন্তুষ্ট।”অভিনয় প্রসঙ্গে মৌসুমী মৌ বলেন,“গ্রামীণ কিংবা শহুরে—সব নারীর জীবনে অনেক মিল রয়েছে। তাদের দুঃখ-কষ্ট, জীবনবোধ প্রায় একই। সখিনা চরিত্রটি আমি গভীরভাবে উপলব্ধি করেছি বলেই মন দিয়ে অভিনয় করতে পেরেছি। কান্নার দৃশ্যে আমাকে গ্লিসারিন ব্যবহার করতে হয়নি। শ্রদ্ধেয় আবুল হায়াতের নির্দেশনায় কাজ করতে পেরে আমি গর্বিত।” নির্মাতা আবুল হায়াত জানান, নাটকটি আগামী ঈদে চ্যানেল আইতে প্রচারিত হবে। এদিকে তিনি বর্তমানে নবাবগঞ্জে পরিচালক রুবেল আনুশের নির্দেশনায় আরেকটি নাটকের শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন।