
বিনোদন প্রতিবেদক : 2026-02-01
বাংলাদেশের এই প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী অপু আমানের সঙ্গে প্রথমবার দ্বৈত গান গেয়েছেন সাবরিনা নওশীন টুশি। শ্যামল দত্তের লেখা ও মিল্টন খন্দকারের সুর ও সংগীতে ‘সবাই মিলে খুলবো এবার..’ শিরোনামের এই গানটিতে কণ্ঠ দিয়েছেন তারা দুজন। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছে বাংলাদেশ চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তর। সংশ্লিষ্টরা জানিয়েছেন, গানটি শিগগিরই বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে, এরপর এটি ইউটিউবেও প্রকাশ পাবে। গানটি নিয়ে নিজের অনুভূতি জানিয়ে অপু আমান বলেন, গানের কথা ও সুর তাকে ভীষণভাবে মুগ্ধ করেছে, সে কারণেই গানটি গাইতে রাজি হন তিনি। এই শিল্পী জানান, এর আগেও বিটিভির ‘সঙ্গীতা’ অনুষ্ঠানে তার একক সুরে টুশি গান গেয়েছেন, এবারই প্রথম তার সঙ্গে দ্বৈত গানে কণ্ঠ মিলিয়েছেন টুশি। তিনি আরও বলেন, মিউজিক ভিডিওতে শিশুদের সঙ্গে সময় কাটানো ছিল তার জন্য দারুণ আনন্দের অভিজ্ঞতা এবং তিনি আশা করছেন, গানটি প্রচারে এলে দর্শক-শ্রোতাদের ভালো লাগবে। অন্যদিকে সাবরিনা নওশীন টুশি জানান, অপু আমানের সঙ্গে দ্বৈত গান গাওয়ার সুযোগ পাওয়া তার জন্য সৌভাগ্যের। তিনি বলেন, এর আগেও তিনি অপু আমানের সুরে বিটিভির অনুষ্ঠানে গান গেয়েছেন, তবে এবার তার সঙ্গে একই গানে কণ্ঠ দেয়াটা ছিল বিশেষ অভিজ্ঞতা। এদিকে অপু আমান উপমহাদেশের প্রখ্যাত গীতিকার প্রয়াত গাজী মাজহারুল আনোয়ারের লেখা কয়েকটি গানে সুর করেছেন এবং নিজেই কণ্ঠ দিয়েছেন। এসব গানে দিতি আনোয়ারও কণ্ঠ দিয়েছেন। গানগুলো শিগগিরই ‘গাজী মাজহারুল আনোয়ার’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে বলে জানা গেছে। বর্তমানে অপু আমান টিভি শো ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন। একইভাবে সাবরিনা নওশীন টুশিও নিয়মিত স্টেজ শোতে অংশ নিচ্ছেন এবং সংগীতাঙ্গনে সক্রিয় সময় কাটাচ্ছেন।