
বিনোদন প্রতিবেদক : 2026-02-01
গানচিল তাদের ২০ বছর পূর্তি উদযাপন করেছে স্মৃতি, সম্মাননা ও ভবিষ্যৎ পরিকল্পনার ঘোষণার মধ্য দিয়ে। এ উপলক্ষে নতুন লোগো ও পরিকল্পনার সঙ্গে প্রকাশ করা হয় গানচিলের নতুন মূলমন্ত্র ‘উত্তরাধিকার কখনও অবসর নেয় না, সে নিজেকে নতুন করে আবিষ্কার করে।’ ২০০৫ সালে নকীব খান, কুমার বিশ্বজিৎ, আসিফ ইকবাল ও রেজা রহমানের হাত ধরে যাত্রা শুরু করা গানচিলের বর্তমান কর্তধার আসিফ ইকবালের উদ্যোগে তিন প্রতিষ্ঠাতাকে সম্মাননা জানানো হয়। কুমার বিশ্বজিৎ কানাডা থেকে ভিডিও কলে অনুষ্ঠানে যুক্ত হন। সাংস্কৃতিক আয়োজনে সালমা, কিশোর, মাহাদি, দোলা, কোনাল, নিলয়সহ জনপ্রিয় শিল্পীরা গান পরিবেশন করেন। অনুষ্ঠানে গানচিলের ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে নাটক, গানচিল অরিজিনালস, মিউজিক ও ‘পথের গল্প’ প্রজেক্টের ঘোষণা দেয়া হয়। আয়োজনের শেষ পর্বে প্রদর্শিত হয় গানচিল অরিজিনালসের দ্বিতীয় গান ‘ও জান’। কোনাল ও নিলয়ের কণ্ঠে, নেপালের মুস্তাংয়ে ধারণ করা এই গানটি দর্শকদের করতালিতে মুখর করে তোলে এবং গানচিলের নতুন যাত্রার প্রতীক হয়ে ওঠে।