
বিনোদন প্রতিবেদক : 2026-02-01
প্রায় ৪০ হাজার প্রতিযোগীর অংশগ্রহণে শুরু হওয়া লোকগানের বৃহৎ আয়োজন ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২৫’-এর গ্র্যান্ড ফিনালে গত শুক্রবার রাতে সাভারের আশুলিয়ার এইজিস ট্রেনিং সেন্টারে জমকালোভাবে অনুষ্ঠিত হয়েছে। অনলাইন ও অফলাইন রেজিস্ট্রেশন এবং একাধিক ধাপের কঠোর বাছাই শেষে সেরা পাঁচ প্রতিযোগী চূড়ান্ত পর্বে ওঠার সুযোগ পান। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই আসরে সবাইকে ছাপিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন সোহাগ নূরী। গ্র্যান্ড ফিনালে প্রথম রানার-আপ হন জামালপুরের মেহজাবিন মোবাশ্বেরা এবং দ্বিতীয় রানার-আপ নির্বাচিত হন নওগাঁর এনামুল হক মধু। সেরা পাঁচের অন্য দুই প্রতিযোগী হলেন চুয়াডাঙ্গার রজনী খাতুন ও গোপালগঞ্জের আঁখি আক্তার ঝর্তা। চ্যাম্পিয়ন সোহাগ নূরী পুরস্কার হিসেবে পেয়েছেন ৫ লাখ টাকার চেক। প্রথম রানার-আপ পেয়েছেন ৩ লাখ টাকা, দ্বিতীয় রানার-আপ পেয়েছেন ২ লাখ টাকা। এ ছাড়া বাকি দুই ফাইনালিস্ট প্রত্যেকে বিশেষ উৎসাহ পুরস্কার হিসেবে পেয়েছেন ৫০ হাজার টাকার চেক। বাউল শফি মন্ডল, নিগার সুলতানা সুমি ও পার্থ বড়ুয়াসহ বিচারকম-লী এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এর সিইও মালিক মোহাম্মদ সাঈদ ও মিডিয়াকম লিমিটেডের সিইও এবং মাছরাঙা টেলিভিশনের নির্বাহী পরিচালক অজয় কুমার কু-ু বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। আয়োজনের শুরুতেই সেরা ১০ প্রতিযোগীর কণ্ঠে থিম সং পরিবেশনা মঞ্চে আলাদা উন্মাদনা তৈরি করে। এরপর একে একে সেরা পাঁচ প্রতিযোগীর পরিবেশনায় জমে ওঠে পুরো আয়োজন। অনুষ্ঠানে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সিইও মালিক মোহাম্মদ সাঈদ বলেন, লোকগান যেকোনো দেশের সংস্কৃতির প্রাণকেন্দ্র। বাংলার লোকগানের গভীরতা ও বৈচিত্র্য আজও সমানভাবে প্রাসঙ্গিক, আর এই ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়াই এই আয়োজনের মূল উদ্দেশ্য। ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২৫’-এর এই বিশাল আয়োজনে ক্রিয়েটিভ ও ইভেন্ট পার্টনার হিসেবে ছিল মিডিয়াকম লিমিটেড, ওয়ারড্রোব পার্টনার বিশ্বরঙ, এবং পুরো আয়োজনটি সম্প্রচার করেছে মাছরাঙা টেলিভিশন।