
বিনোদন প্রতিবেদক : 2026-02-02
কিছুদিন অভিনয় থেকে বিরতিতে থাকার পর আবারও কাজে ফিরেছেন এই প্রজন্মের অভিনেতা আশিক চৌধুরী। কামব্যাকের পর ইতোমধ্যেই একটি টেলিফিল্মে নাম ভূমিকায় অভিনয় করে ব্যস্ত সময় পার করছেন তিনি। ‘আমি নায়ক হবো’ শিরোনামের এই টেলিফিল্মে আশিক চৌধুরীর বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী নাবিলা বিনতে ইসলাম। গত সপ্তাহেই টেলিফিল্মটির শুটিং সম্পন্ন হয়েছে।
এটি রচনা করেছেন জাহিদ বাবুল এবং নির্মাণ করেছেন হাসানুজ্জামান জুয়েল। কমেডি ঘরানার গল্পে নির্মিত টেলিফিল্মটির কাহিনি মূলত শুটিং লোকেশনকেন্দ্রিক নানা মজার ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায়। টেলিফিল্মটি প্রসঙ্গে আশিক চৌধুরী বলেন, “গল্পটা খুবই চমৎকার এবং পুরো টেলিফিল্মটি আমার চরিত্রকে ঘিরেই এগিয়েছে। শুটিং লোকেশনের ভেতরের গল্প দর্শকের ভালো লাগবে বলেই মনে করি। নাবিলার সঙ্গে আগেও কাজ করেছি, তবে এই টেলিফিল্মের গল্প ও নির্মাণশৈলী সব মিলিয়ে কাজটি বেশ ভালো হয়েছে। আশা করছি দর্শক উপভোগ করবেন।”
এদিকে নাবিলা বিনতে ইসলাম জানান, টেলিফিল্মে তিনি একজন রাইজিং স্টার চরিত্রে অভিনয় করেছেন। তিনি বলেন, “আমার চরিত্রটি সিনেমায় অভিনয় করলেও তার ছবি এখনও মুক্তি পায়নি। শুটিংয়ের ভেতরে শুটিংয়ের গল্প হওয়ায় কাজটি করতে দারুণ লেগেছে। আশিকের সঙ্গে আগেও কাজ করেছি, তবে এই টেলিফিল্মটি একটু বেশি ভালো হয়েছে বলেই মনে করছি।”