
বিনোদন প্রতিবেদক : 2026-02-06
জীবন্ত কিংবদন্তি অভিনেতা ও নাট্যনির্দেশক আবুল হায়াত এখনও নিয়মিত অভিনয়ের সঙ্গে যুক্ত। নাটকে অভিনয়ের পাশাপাশি তিনি মাঝে মাঝে নাটক নির্মাণও করছেন। সম্প্রতি তিনি রাবেয়া খাতুনের গল্পে নির্মাণ করেছেন নাটক ‘সখিনা’, যা আগামী ঈদে চ্যানেল আইতে প্রচারিত হবে। এর মধ্যেই গত ৪ ফেব্রুয়ারি আবুল হায়াত ও তার স্ত্রী শিরীন হায়াতের বিবাহিত জীবনের ৫৬তম বর্ষ পূর্ণ হয়েছে। ১৯৭০ সালের ৪ ফেব্রুয়ারি খুলনায় তাদের আকদ সম্পন্ন হয়। এই দম্পতির দুই কন্যা- বিপাশা হায়াত ও নাতাশা হায়াত। বিপাশা হায়াত অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিত হলেও
বর্তমানে তিনি পরিবারসহ যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। অন্যদিকে নাতাশা হায়াত অভিনয়ের সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে ব্যবসায় মনোযোগী; রাজধানীর বনানীতে তার একটি ফ্যাশন হাউস রয়েছে। দীর্ঘ দাম্পত্য জীবন প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘কেমন করে যে ৫৫টি বছর পার হলো, ভাবতেই অবাক লাগে। আমাদের দুজনের পারস্পরিক বিশ্বাস ও আস্থাই এই পথচলাকে সহজ করেছে।’ শিরীন হায়াত বলেন, ‘সংসার জীবনে আমি যে স্বাধীনতা পেয়েছি, তা খুব কম মানুষই পায়।’ উল্লেখ্য, আবুল হায়াতের বাবার নাম আব্দুস সালাম এবং মায়ের নাম শামসুন্নাহার। শিরীন হায়াতের বাবার নামও আব্দুস সালাম এবং মায়ের নাম মহিতুন্নেসা।