
বিনোদন প্রতিবেদক : 2026-02-07
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চলছে বাংলা সিনেমার নিয়মিত উৎসব ‘আমার ভাষার চলচ্চিত্র’। ভাষা আন্দোলনের উত্তরাধিকার ও বাংলা চলচ্চিত্রের প্রতি শ্রদ্ধা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ (ডিইউএফএস)-এর আয়োজনে গত ৩ ফেব্রুয়ারি শুরু হয়েছে উৎসবটির ২৪তম আসর, যা চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। শুক্রবার উৎসবের চতুর্থ দিনে টিএসসিতে দর্শকের ভিড় দেখা যায়। তরুণ অভিনেতা মাসুম রেজওয়ান নিজের অভিনীত সিনেমা ‘নীলচক্র’ দেখার জন্য নিজেই টিকিট সংগ্রহ করেন। দর্শকদের মধ্যে শিক্ষার্থী ছাড়াও সাবেক শিক্ষার্থী ও পরিবারসহ আগত দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ডিইউএফএস সদস্য রাইয়ান জানান, প্রতিটি প্রদর্শনীতে প্রায় শতাধিক দর্শক সিনেমা দেখছেন। অভিনেতা মাসুম রেজওয়ান বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে এ ধরনের আয়োজন হলে তরুণদের মধ্যে বাংলা সিনেমার প্রতি আগ্রহ বাড়বে। এদিন উৎসবে প্রদর্শিত হয় তোজাম্মেল হক বকুল পরিচালিত ব্যবসাসফল চলচ্চিত্র ‘বেদের মেয়ে জোছনা’, এরপর দেখানো হয় মিঠু খান পরিচালিত ‘নীলচক্র’। ছবিটি গত বছরের শেষে মুক্তি পায় এবং আমেরিকান ফিল্ম মার্কেটে আন্তর্জাতিক প্রিমিয়ার হয়। দিনের শেষ প্রদর্শনী ছিল কামার আহমাদ সাইমন পরিচালিত ‘অন্যদিন’, যা কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনসহ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে।