
বিনোদন প্রতিবেদক : 2026-02-07
রাজশাহীতে চিত্রায়িত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মোতাখানার পোস্টার’-এর শুটিং সম্প্রতি সম্পন্ন হয়েছে। তরুণ নির্মাতা সেলিম খান পরিচালিত চলচ্চিত্রটি নির্মিত হয়েছে অ্যান্টি-সোশ্যাল প্রোডাকশনসের ব্যানারে। প্রযোজনা সহযোগিতায় রয়েছে ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন ও ম্যাজিক লণ্ঠন। এক্সিকিউটিভ প্রোডিউসার হিসেবে যুক্ত আছেন নির্মাতা ও প্রযোজক আদনান বাঙালি। চলচ্চিত্রটির সিনেমাটোগ্রাফি করেছেন তানভীর ইসলাম লিমন। রাজশাহীর ক্ষয়িষ্ণু রেলস্টেশন ও পুরনো পাড়ার গলিকে কেন্দ্র করে নির্মিত এই চলচ্চিত্রে একজন কবির দৃষ্টিভঙ্গির মাধ্যমে নগর জীবনের বিচ্ছিন্নতা, একাকীত্ব ও নৈতিক স্থবিরতার চিত্র তুলে ধরা হয়েছে। প্রচলিত গল্প বলার কাঠামো এড়িয়ে চলচ্চিত্রটি এগিয়েছে মুহূর্ত, নীরবতা ও পুনরাবৃত্ত পর্যবেক্ষণের মাধ্যমে। ন্যূনতম সংলাপ, প্রাকৃতিক শব্দচিত্র ও দীর্ঘ ভিজ্যুয়াল ব্যবহারের মাধ্যমে দর্শকের জন্য তৈরি করা হয়েছে এক অন্তরঙ্গ কিন্তু অস্বস্তিকর অভিজ্ঞতা। পরিচালক সেলিম খান জানান, তিনি সিনেমাকে উত্তর দেয়ার মাধ্যম নয়, বরং প্রশ্ন তৈরির জায়গা হিসেবে দেখেন। সম্পাদনাকেই তিনি চলচ্চিত্রের অর্থ নির্মাণের গুরুত্বপূর্ণ ধাপ বলে মনে করেন। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন সালাহউদ্দীন নীল, মাহবুব হাসান রাকীব, মিজান শেখ ও তামান্না জাহান নেলী। নির্মাতা সূত্র জানায়, শিগগিরই চলচ্চিত্রটির সম্পাদনার কাজ শুরু হবে। সম্পাদনা শেষে এটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য প্রস্তুত করা হবে।