
বিনোদন প্রতিবেদক : 2026-02-09
অভিনয়ের প্রতি ভালোবাসা থেকেই নাটকে কাজ শুরু করেন জীম। এখন নিয়মিত নাটকে কাজ করে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি রুবেল আনুশ পরিচালিত ‘নীল রেইনকোট’ নাটকে তার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে। এছাড়া মাবরুর রশীদ বান্নাহর নির্দেশনায় পাঁচটি এবং মেহেদী হাসান জনির পরিচালনায় চারটি নাটকে অভিনয় করেছেন তিনি। এসব নাটকে তার বিপরীতে দেখা গেছে আরশ খান, নাওভী ও প্রান্তকে। আগামী ভালোবাসা দিবসে প্রচারে আসবে জীম অভিনীত ‘পাশে থেকো’ নাটকটি, পরিচালনায় রাকিবুল হাসান তানভীর। জিটিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘যত্ন’-এ অভিনয় করেও আলোচনায় রয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি পড়াশোনা সামলাতে গিয়ে ব্যস্ত থাকলেও ভবিষ্যতে সব জনপ্রিয় শিল্পীর সঙ্গে কাজ করতে চান জীম।। জীম বলেন,‘ এই মুহূর্তে একের পর এক নাটকে কাজ করা নিয়ে ব্যস্ত সময় পার করছি। নাটকেও প্রতিনিয়ত কাজ করা নিয়ে ব্যস্ত থাকতে হয়, আবার পড়াশোনা নিয়েও ব্যস্ত থাকতে হয়। যে কারণে কাছের অনেক মানুষের ফোন কলে ঠিকঠাক মতো সাড়াও দিতে পারিনা, বিষয়টা আমার নিজের কাছেই খারাপ লাগে। তবে আমি জানি তারা আমাকে বোঝেন। আর আমি সবার সঙ্গেই অভিনয় করতে চাই। নির্দিষ্ট একজনের সঙ্গে কাজ করায় সীমাবদ্ধ থাকতে চাইনা।’