
বিনোদন প্রতিবেদক : 2026-02-09
আসছে ভালোবাসা দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের জন্য নির্মিত হয়েছে বিশেষ সংগীতানুষ্ঠান। এ আয়োজনের জন্য নির্বাচিত একটি গানে কণ্ঠ দিয়েছেন শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী, সুরকার ও গীতিকার তানভীর আলম সজীব এবং এই প্রজন্মের জনপ্রিয় গায়িকা, উপস্থাপিকা ও নৃত্যশিল্পী ইয়াসমিন লাবণ্য। প্রজন্মের নন্দিত গীতিকার অধরা জাহান-এর কথায় এবং জনপ্রিয় সংগীতশিল্পী আলম আরা মিনু-র সুরে গানটি গেয়েছেন সজীব ও লাবণ্য। এটি তাদের দুজনের প্রথম দ্বৈত গান। গানের উল্লেখযোগ্য একটি লাইন- ‘মাঝি তোমার ডুব সাঁতারে জল হতে চাই’। ইতোমধ্যে বিটিভির নিজস্ব স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটি প্রসঙ্গে তানভীর আলম সজীব বলেন, অধরা জাহানের লেখা গানটি এক যুগ আগের হলেও কথার গভীরতা তাকে মুগ্ধ করেছে। পাশাপাশি সুরকার হিসেবেও আলম আরা মিনুর কাজ প্রশংসনীয় বলে মন্তব্য করেন তিনি। লাবণ্যের সঙ্গে প্রথম দ্বৈত গান গাওয়ার অভিজ্ঞতাও তার জন্য আনন্দের ছিল বলে জানান সজীব। অন্যদিকে ইয়াসমিন লাবণ্য বলেন, ভালোবাসা দিবসের এই বিশেষ গানটি তার কাছে সবদিক থেকেই ভালো লেগেছে। গানের কথা ও সুরের চমৎকার সমন্বয় এবং সজীবের সঙ্গে প্রথমবার দ্বৈত কণ্ঠে গান গাওয়ার অভিজ্ঞতা তাকে দারুণভাবে স্পর্শ করেছে বলে জানান তিনি। ভালোবাসা দিবসে বিটিভির বিশেষ অনুষ্ঠানে প্রচার হবে তানভীর আলম সজীব ও ইয়াসমিন লাবণ্যর কণ্ঠে গাওয়া এই গানটি।