
বিনোদন ডেস্ক : 2026-02-09
ছবিটি মুক্তি পাবে আগামী মার্চ মাসে। মুক্তির এক মাসের বেশি সময় থাকলেও ছবিটি গড়ছে একের পর এক রেকর্ড। সম্প্রতি এর তেলেগু রাইটস বিক্রি হয়েছে ১২০ কোটি রুপিতে। যা এখন পর্যন্ত তেলেগু ছবির ইতিহাসে সর্বোচ্চ। যশের নতুন ছবি ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন আপস’এর তেলেগু রাইটস কিনেছে দিল রাজুর প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশনস। ভারতীয় সংবাদমাধ্যমকে দিল রাজু জানিয়েছেন, ‘কেজিএফ চ্যাপটার টু’র পর যশের জনপ্রিয়তা অনেক বেড়েছে। চার বছর ধরে তাঁর পরবর্তী ছবির জন্য দর্শকদের আগ্রহ শুধু বাড়ছেই। তাই এই ছবি নিয়ে ভক্তদের মধ্যে উদ্দীপনা খুব বেশি। গত ৮ জানুয়ারি যশের জন্মদিন উপলক্ষে মুক্তি পায় ছবিটির টিজার। তবে এর টিজার ঘিরে তৈরি হয় তীব্র বিতর্ক। ‘অশালীন’ দৃশ্য থাকার অভিযোগে এবার বিষয়টি ভারতের কর্ণাটক রাজ্য নারী কমিশন পর্যন্ত গড়িয়েছে। অভিযোগের পর কমিশন সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনকে (সিবিএফসি) চিঠি দিয়ে ‘যথাযথ ব্যবস্থা’ নেওয়ার আহ্বান জানায়। ছবিটি পরিচালনা করেছেন গীতু মোহনদাস। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রুক্মিণী বসন্ত, নয়নতারা, কিয়ারা আদভানি, তারা সুতারিয়া, হুমা কুরেশি, অক্ষয় ওবেরয়, সুদেব নায়ার প্রমুখ। সিনেমাটির চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন যশ ও গীতু মোহনদাস। সিনেমাটি আগামী ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। হিন্দি, তেলেগু, তামিল, মালয়ালমসহ আরও কয়েকটি ভাষায় এর ডাব সংস্করণ মুক্তি পাবে।