
বিনোদন প্রতিবেদক : 2026-02-12
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে সংগীতপ্রেমীদের জন্য আসছে নতুন চমক। জনপ্রিয় অভিনয়শিল্পী জান্নাতুল সুমাইয়া হিমি ও সংগীতশিল্পী রাফির কণ্ঠে প্রকাশ হতে যাচ্ছে রোমান্টিক গানচিত্র ‘দুজন দুজনার’। ভালোবাসার আবহে নির্মিত এই গানটি মুক্তি পাবে আজ ১৩ ফেব্রুয়ারি, সাউন্ডটেকের ব্যানারে। গানটির কথা লিখেছেন গীতিকার কবির বকুল। সুর করেছেন পুলক অধিকারী। হৃদয়ছোঁয়া কথা ও সুরের মেলবন্ধনে গানটি ইতোমধ্যেই সংশ্লিষ্টদের মাঝে বেশ প্রত্যাশা তৈরি করেছে। গানচিত্রে মডেল হিসেবে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব ও হিমিকে। চিত্রনাট্য ও নির্মাণে ছিলেন নির্মাতা সৈকত রেজা, যিনি রোমান্টিক গল্পচিত্র নির্মাণে তার নিজস্ব নান্দনিকতার জন্য পরিচিত। ভালোবাসা দিবস মানেই হিমির জন্য বিশেষ কিছু। প্রতিবছরই এ সময়ে তার একাধিক নাটক মুক্তি পায়। তবে এবারের ভালোবাসা দিবসটি তার জন্য আরও ব্যতিক্রমী ও আবেগঘন। কারণ, অভিনয়ের পাশাপাশি এবারই প্রথম নিজের কণ্ঠে গান প্রকাশ পাচ্ছে তার।গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে হিমি বলেন,“প্রতিবছর ভালোবাসা দিবসে আমার অনেক নাটক মুক্তি পায়, এবারও পাচ্ছে। তবে এর সঙ্গে প্রথমবার আমার গান মুক্তি পাচ্ছে। তাই আমি অনেক বেশি রোমাঞ্চিত। নিজের গানের ভিডিওচিত্রে আবার নিজেই অভিনয় করেছি। সব মিলিয়ে অপেক্ষার তর সইছে না।” গানটির গীতিকার কবির বকুলও নতুন এই জুটিকে নিয়ে আশাবাদী। তিনি বলেন, “নতুনদের নিয়ে কাজ করতে সব সময় ভালো লাগে। রাফিকে প্রথমবার যখন শুনলাম, মনে হলো ওর ভেতরে অনেক সম্ভাবনা আছে। আগে ‘ইত্যাদি’তে হিমির সঙ্গে একটি গান করেছিলাম, সেটি শ্রোতারা পছন্দ করেছিলেন। আশা করি, এই ভালোবাসা দিবসে এই জুটিও শ্রোতাদের মন জয় করবে।” রোমান্টিক আবহ, হৃদয়ছোঁয়া কথা, সুরের মাধুর্য আর চেনা-প্রিয় দুই মুখের উপস্থিতিতে ‘দুজন দুজনার’ গানচিত্রটি ভালোবাসা দিবসে দর্শক-শ্রোতাদের জন্য হয়ে উঠতে পারে বিশেষ এক উপহার। এখন শুধু অপেক্ষা—প্রকাশের পর কতটা সাড়া ফেলে এই নতুন রোমান্টিক আয়োজন।