
বিনোদন প্রতিবেদক : 2026-02-12
ক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্স প্যালেসে অনুষ্ঠিত হলো বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র নায়িকা শাহনূরের জন্মদিন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে বিশেষ আয়োজন ‘ভ্যালেন্টাইন এবং শাহনূর’। নিউইয়র্কে বসবাসরত তার শুভাকাঙ্ক্ষীরাই মূলত এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেন। সন্ধ্যার পর শুরু হওয়া অনুষ্ঠান চলে গভীর রাত পর্যন্ত। পুরো আয়োজনজুড়ে ছিল ভালোবাসা, উচ্ছ্বাস আর সঙ্গীতের আবহ। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন শারমিন সিরাজী ও সোনিয়া। একে একে সঙ্গীত পরিবেশন করেন কালা মিয়া, রায়হান তাজ, প্রমি তাজ, হীরা, সেলিম ইব্রাহিম, ডা. কামরুল, নেহা, জনি, কাজলসহ আরও অনেকে। ভালোবাসা দিবসকে সামনে রেখে ১০ ফেব্রুয়ারি শাহনূরের জন্মদিন ঘিরেই এই বিশেষ আয়োজন সাজানো হয়। পুরো অনুষ্ঠানটি ভীষণ উপভোগ করেছেন শাহনূর। অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, “আমাকে ঘিরে ভালোবাসা দিবস উপলক্ষ্যে এমন আয়োজন সত্যিই আমাকে মুগ্ধ করেছে। সবার ভালোবাসায় আমি ভীষণ আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম। গানে গানে সবাই মুগ্ধতা ছড়িয়েছে। মাঝে মাঝে খুশিতে চোখে পানি চলে এসেছিল। বারবার শুধু আম্মুর কথা মনে পড়ছিল—এমন সময়ে তিনি পাশে থাকলে কতটাই না খুশি হতেন! তবে ভিডিও কলে তাকে সব দেখিয়েছি। তিনি মৃদু হেসেছেন, তাতেই আমি খুশি। সবার কাছে দোয়া চাই, যেন সুস্থ ও ভালো থাকতে পারি।”
শাহনূর জানান, আপাতত তিনি দেশে ফিরছেন না। যুক্তরাষ্ট্রে তার কয়েকটি নাটকের কাজ রয়েছে। পাশাপাশি ডিজেইং নিয়েও ব্যস্ত সময় পার করছেন তিনি। ‘ডিজে নূর’ নামেই অল্প সময়ের মধ্যে সেখানে বেশ পরিচিতি ও সুনাম অর্জন করেছেন এই জনপ্রিয় অভিনেত্রী।