
বিনোদন প্রতিবেদক : 2026-02-14
নন্দিত সংগীতশিল্পী আঁখি আলমগীর। নিয়মিত নতুন গান প্রকাশের পাশাপাশি স্টেজ শো ও টিভি লাইভ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। সম্প্রতি আবারও নতুন একটি গানে কণ্ঠ দিলেন এ শিল্পী। ‘আজ একি সুরে, থেকেও দূরে, জাগলে এই রাতে’ শিরোনামে গানটির কথা লিখেছেন অধরা জাহান। সংগীতশিল্পী আলম আরা মিনুর সুরে এ গানটি গেয়েছেন আঁখি আলমগীর। ভালোবাসা দিবস উপলক্ষে তৈরি বিটিভির ‘ভালোবাসি তাই ভালোবেসে যাই’ শিরোনামের সংগীতানুষ্ঠানে প্রচার হবে এই গান। এরপর গানটি ইউটিউবে প্রচার হয়। নতুন এ গান প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, ‘ভালোবাসা দিবসে শ্রোতারা যে ধরনের গান শুনতে চান, এটি তেমন একটি গান। আশা করছি সবার ভালো লাগবে।’ এদিকে বিটিভির জন্য নির্মিত আরও একটি অনুষ্ঠানে গান করেছেন আঁখি আলমগীর। বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘বৈঠকখানা’-এর জন্য ‘জোড়া শালিক’ নামে একটি মৌলিক গান গেয়েছেন তিনি। এ গানের মধ্য দিয়ে ২৭ বছর পর গীতিকার ও সুরকার মিল্টন খন্দকারের লেখা গানে কণ্ঠ দিলেন এ শিল্পী। এর আগে নব্বই দশকের সিনেমা ‘আসামি বধূ’র জন্য মিল্টন খন্দকারের রচিত ‘এত ছোট জনম নিয়া জগতে আসিয়া’ শিরোনামের একটি গান গেয়েছিলেন আঁখি। সুর করেছিলেন প্রয়াত সংগীত পরিচালক আলম খান। সেই সময়ে এই গানটি দর্শক ও শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। সম্প্রতি ‘বৈঠকখানা’ অনুষ্ঠানের মাধ্যমে আবারও একসঙ্গে গানের কাজ করতে পেরে আঁখি আলমগীর তার অনুভূতি প্রকাশ করে বলেন, ‘মিল্টন খন্দকার ভাইয়ের লেখা ও সুরে বিটিভির অনুষ্ঠানে গান গাইলাম। এটি কোনো মরা গান নয়, বরং ভীষণ তরতাজা একটি গান। গাইতে পেরে আমি ভীষণ আনন্দিত।’